অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলে চমক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আর তাদের প্রত্যাবর্তনের মঞ্চেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের আতিথেয়তা পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ব্রিসবেনে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর প্রথম ওয়ানডের পর ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচ এবং ১৪ অক্টোবর হবে সিরিজের শেষ লড়াই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য শুধু নতুন একটি দ্বিপক্ষীয় সিরিজ নয়, সাম্প্রতিক হতাশা কাটিয়ে নিজেদের নতুন করে মেলে ধরার সুযোগও। টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছে না নিগার সুলতানা জ্যোতির দলের। সর্বশেষ এশিয়ান গেমস এবং তার আগে এশিয়া কাপেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতেও সর্বশেষ সিরিজের ফল ছিল হতাশার। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সেই দলটিতেই এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। দলে আছে একাধিক চমক! সবশেষ ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

তবে এবারের দলে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত মুর্শিদা খাতুন। দীর্ঘ ২০ মাস পর জাতীয় দলে ফিরছেন এই ওপেনার। বাংলাদেশের হয়ে সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের বাইরে থাকা মুর্শিদার সামনে এবার প্রত্যাবর্তনের কঠিন মঞ্চ-অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। অনেক সমালোচনা হলেও বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তার সহকারী হিসেবে থাকছেন নাহিদা আক্তার। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো দলে রাখা হয়েছে— স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তাদেরও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য একই সঙ্গে চ্যালেঞ্জ এবং নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ। একদিকে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা, অন্যদিকে দীর্ঘ বিরতির পর মুর্শিদার মতো খেলোয়াড়দের প্রত্যাবর্তন-সব মিলিয়ে সিরিজটি বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন গল্পের দরজা খুলে দিতে পারে।

 

বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।