দলের সঙ্গে আরব আমিরাতের প্লেনে ওঠা হচ্ছে না শান্তর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
প্রচন্ড জ্বর নিয়ে এশিয়ান গেমস থেকে গতকালই দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফিরে এরইমধ্যে ডাক্তার দেখিয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামীকাল বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না তিনি। তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের আশা, সিরিজ শুরুর আগে সঠিক সময়েই দলের সঙ্গে যোগ দিতে পারবেন শান্ত।
গতকাল বুধবার ক্রিকেটের সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাফিস। সেখানেই শান্তর সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সর্বশেষ আপডেট জানান তিনি। নাফিস বলেন, শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। সে মঙ্গলবার রাতে বাংলাদেশে ফিরেছে। গতকাল সে ডাক্তার দেখিয়েছে। তবে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং ডাক্তার যে মূল্যায়ন করেছেন, তাতে সে সুস্থতার দিকে এগোচ্ছে। আমরা খুবই আশাবাদী, যথাসময়ে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।
আবু ধাবিতে আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আগামীকাল রাতে ১০.১৫ মিনিটের ফ্লাইটে টেস্ট দলের একটা অংশ দেশ ছাড়বে। বাকিরা জাপানে এশিয়ান গেমস শেষে সরাসরি দলে যোগ দিবেন। তবে জ্বর নিয়ে দেশে ফেরা শান্ত আজ দলের সঙ্গে যাচ্ছেন না। ৪ ও ৫ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। নাফিসের আশা শান্ত এর আগেই দলের সঙ্গে যোগ দিবেন।
তিনি বলেন, যদিও সে আজ দলের সঙ্গে যাচ্ছে না, আমাদের মূল টুর্নামেন্ট ও সিরিজ (প্রস্তুতি ম্যাচ থেকে) তো ৪ ও ৫ তারিখ থেকে শুরু হচ্ছে।
