জাতীয় দলের স্মৃতি পেরিয়ে এবার লিজেন্ডসের মঞ্চে রিয়াদ-নাসিররা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

একসময় বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে একই ড্রেসিংরুম ভাগ করেছেন, বিশ্বকাপ খেলেছেন, জিতেছেন-হেরেছেন একসঙ্গে। এবার সেই পরিচিত মুখগুলোই ফিরছেন অন্য এক পরিচয়ে। জাতীয় দলের জার্সি নয়, 'বাংলাদেশ চ্যাম্পিয়ন্স' হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুলদের মতো তারকা ক্রিকেটাররা!
২০২৬ সালের ডব্লিউসিএলের তৃতীয় আসর শুরু হবে ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে। সাত দলের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে, এরপর শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। ফাইনাল ১৮ অক্টোবর। বাংলাদেশের অভিযান শুরুই হচ্ছে বড় এক পরীক্ষায়। ৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
এরপর একে একে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাবেক তারকাদের এই আসরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে পরিচিত ক্রিকেট-প্রতিদ্বন্দ্বীদের একের পর এক পরীক্ষা। বাংলাদেশের অভিষেক আসরটি যে খুব একটা সহজ হবে না, সেটিও বোঝা যাচ্ছে অংশ নেওয়া দলগুলোর নাম দেখলে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সাবেক তারকাদের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে।
এবারের আসরে থাকছেন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, শাহিদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মঈন আলীর মতো তারকারাও!
তবে বাংলাদেশের এই দলটিকে শুধুই সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনী দল হিসেবে দেখছেন না নাসির হোসেন। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই অলরাউন্ডার। তার বার্তা, 'চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি ওখানে।' একই সঙ্গে তিনি মনে করেন, টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা বা তারকা-খ্যাতি থাকলেই সাফল্য নিশ্চিত নয়; মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশ দলের এবারের যাত্রায় তাই একসঙ্গে কাজ করছে দুটি গল্প। একদিকে মাহমুদউল্লাহ, নাসির ও রুবেলদের মতো পুরোনো সতীর্থদের ফের একসঙ্গে মাঠে নামার আবেগ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। নাসিরের কাছে বিষয়টি আরও আবেগের। মাহমুদউল্লাহ ও রুবেলের সঙ্গে আবার একই দলের হয়ে খেলার প্রসঙ্গে তিনি বলেছেন, 'খুব ভালো লাগছে। ভাবিনি সবাই আবার একই দলে খেলব।' ২০১৫ বিশ্বকাপসহ জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় একসঙ্গে খেলা সতীর্থদের সঙ্গে নতুন করে মাঠে নামার সুযোগটিকে তাই আলাদা করে দেখছেন তিনি।
প্রতিপক্ষদের দলেও রয়েছে বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিন দাপট দেখানো ক্রিকেটাররা। এবারের আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-এই সাত দেশের চ্যাম্পিয়ন্স দল অংশ নিচ্ছে।
বাংলাদেশের জন্য আরও একটি আলোচনার বিষয় সাকিব আল হাসানের অনুপস্থিতি। টুর্নামেন্টে সাকিবকে পাওয়ার প্রত্যাশা ছিল দলের, কিন্তু শেষ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না। নাসিরও জানিয়েছেন, সাকিব থাকলে দলের জন্য ভালো হতো এবং তাকে মিস করবে দল!
বাংলাদেশ চ্যাম্পিয়ন্সে স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী রাহি, ফজলে মাহমুদ রাব্বি ও মোহাম্মদ আশরাফুল।
