অস্ট্রেলিয়ায় নিজেদের পরিমাপের সুযোগ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের নারী ক্রিকেটে ডেভিড হেম্পের প্রত্যাবর্তনটা যেন পুরোনো পরিচিত ঘরে নতুন দায়িত্বে ফেরা। আগে ব্যাটিং কোচ হিসেবে কাছ থেকে দেখেছেন দলটিকে, এবার সেই দলটির সামগ্রিক দায়িত্ব তার কাঁধে। চুক্তি ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু নতুন অধ্যায়ের প্রথম পরীক্ষাই এমন এক জায়গায়, যেখানে সামান্য দুর্বলতাও আড়াল করার সুযোগ নেই-অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে! বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে। ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে হবে তিন ওয়ানডে। সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ। বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে। ফলে সফরটির গুরুত্ব শুধু নতুন কোচের অভিষেকেই সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের জন্য কঠিন কন্ডিশনে নিজেদের অবস্থান পরিমাপের সুযোগও! হেম্পের কাছে অবশ্য এই প্রত্যাবর্তনে আবেগও আছে। আগের অভিজ্ঞতা তার সিদ্ধান্তকে সহজ করেছে। ক্রিকবাজকে তিনি বলেছেন, 'এটা সবসময় ভালো লাগে। এখানে আমার সময়টা উপভোগ করেছিলাম এবং অবশ্যই পরবর্তী মেয়াদের জন্য উন্মুখ হয়ে আছি। আগেও এই মেয়েদের সঙ্গে কাজ করেছিলাম। সুতরাং জানি কী প্রত্যাশা করতে হবে এবং এ কারণেই আমি ফিরছি। পরিবেশটা আমি উপভোগ করেছিলাম।' কিন্তু পরিচিত পরিবেশ এবার তাকে স্বস্তি দেওয়ার চেয়ে বড় দায়িত্বই দিচ্ছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই বিশ্বের শীর্ষ দল।
