রোনালদো-জেসুস দ্বন্দ্বে তোলপাড় পর্তুগাল
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
নেশন্স লিগের স্কোরবোর্ড বলছে পর্তুগাল জিতেছে ৪-২ গোলে। টানা তৃতীয় জয় পেয়েছে জর্জ জেসুসের দল। ছয় গোলের ম্যাচে ছয়জন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন। মাঠের হিসাবে পর্তুগালের রাতটি তাই সাফল্যেরই! কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেন একজন-ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মাঠেই ছিলেন না! নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। সেই ম্যাচে রোনালদোকে বদলি হিসেবেও নামাননি কোচ জেসুস। ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থদের সঙ্গে জয় উদযাপন না করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান পর্তুগিজ তারকা। এরপর ডেনমার্ক ম্যাচের আগে অনুশীলনের মাঝপথে হোটেলে ফিরে যাওয়া এবং পরে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা-ঘটনাগুলো একে অন্যের সঙ্গে যেন জুড়ে গেল। এর মধ্যে রোনালদো, জেসুস এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসারের মধ্যে বৈঠকও হয়েছে। কিন্তু বৈঠকের পর জেসুসের বক্তব্য পরিস্থিতিকে শান্ত করার বদলে তার অবস্থান আরও স্পষ্ট করেছে, 'নিয়ম সবার জন্যই একই। কোচ খেলোয়াড়দের ক্যারিয়ার ও অতীত বিবেচনায় নেন। ম্যাচের সময় সবাইকে একইভাবে দেখা হয়। কোনো খেলোয়াড় কখনোই আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না।' নাম যত বড়ই হোক, মাঠে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত কোচের-জেসুসের অবস্থান ছিল সেটিই। এরপরই ডেনমার্কের বিপক্ষে রোনালদোকে ছাড়া মাঠে নামে পর্তুগাল। আর মাঠের পারফরম্যান্সে অন্তত জেসুসের জন্য কিছুটা স্বস্তি এসেছে।
