জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের স্বস্তি বিপাকে ঢাকা-বরিশাল

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিনে এক মাঠে সেঞ্চুরির আনন্দ, অন্য মাঠে ব্যাটিং ধস। চট্টগ্রামে মাহমুদুল হাসান জয়ের অপরাজিত শতকে স্বাগতিকেরা এগিয়ে গেছে স্বস্তির জায়গায়। বিপরীতে মিরপুরে ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে ঢাকা। আর খুলনায় ফলোঅনে পড়ে ইনিংস হার এড়ানোর কঠিন লড়াইয়ে বরিশাল। গতকাল রোববার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রাজশাহীর ৩৬৪ রানের জবাবটা দুর্দান্তভাবেই দিচ্ছে চট্টগ্রাম। ম্যাচের দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান করেছে স্বাগতিকেরা। এর পুরো কৃতিত্বই ওপেনার মাহমুদুল হাসান জয়ের। টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে ১০২ রানে অপরাজিত আছেন তিনি। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি। অন্য প্রান্তে সাদিকুর রহমান অপরাজিত ৮৬ রানে। ফলে তৃতীয় দিনে সেঞ্চুরির অপেক্ষায় থাকছেন তিনিও। দিনের শুরুতে ৬ উইকেটে ২৯০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল রাজশাহী। শেষ চার উইকেট হারিয়ে আরও ৭৪ রান যোগ করে তারা থামে ৩৬৪ রানে। সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুর রহমান সোহান।

চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৯৬ রানে নিয়েছেন চার উইকেট। রাজশাহীর চেয়ে এখনো ১৭৪ রান পিছিয়ে চট্টগ্রাম, তবে হাতে আছে সব উইকেট।

জয়ের ইনিংসে ব্যক্তিগত অর্জনও এসেছে। ৮৭ রানে পৌঁছে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করেছেন ২৩ টেস্ট খেলা এই ওপেনার। মিরপুরে গল্পটা সম্পূর্ণ ভিন্ন।