পদকের স্বপ্ন নিয়ে এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশ

৭০ দিনের প্রস্তুতি, চার ডিসিপ্লিনে পদকের আশা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্যারা ক্রীড়াবিদদের নতুন সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে যাওয়া ১২ ক্রীড়াবিদকে নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। দীর্ঘ ৭০ দিনের নিবিড় প্রশিক্ষণ শেষে ছয়টি ডিসিপ্লিনে পদকের লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভকক্ষে প্যারা ক্রীড়াবিদদের হাতে কিটস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সভাপতি মো. নাসিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, উপ-মহাসবিচ হেদায়েতুল আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্রীড়াবিদদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও কমিটমেন্ট আরও দৃঢ় হওয়া প্রয়োজন। তারা শুধু নিজেদের নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। দেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের কাছ থেকে সম্মান বয়ে আনার প্রত্যাশা করছে। তিনি যোগ করেন, প্যারা ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা, মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে সফল ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি পদকজয়ী ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। প্যারা স্পোর্টসের উন্নয়নে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বগুড়ায় 'আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ' নির্মাণের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, এর ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শেষ করে দ্রুতই নির্মাণকাজ শুরুর আশা করা হচ্চে। এদিকে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সভাপতি মো. নাসিরুল ইসলাম বলেন, এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে ১৫ আগস্ট থেকে প্রায় ৭০ দিনের প্রশিক্ষণ নিয়েছেন ক্রীড়াবিদরা। অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বোচিয়া ও আর্চারি- বিভিন্ন ভেন্যুতে জাতীয় মানের কোচদের অধীনে হয়েছে এই প্রস্তুতি। প্রশিক্ষণের পুরো অর্থায়নে সরকার সহযোগিতা করেছে। পাশাপাশি কমিটির পক্ষ থেকেও স্পনসর সংগ্রহ করা হয়েছে। মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল বলেন, চারটি ডিসিপ্লিনেই বাংলাদেশের পদকের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোচিয়ায় একটি পদকের আশা করছি আমরা। অ্যাথলেটিকসে শেখ সেলিম রেজার হাইজাম্পে ভালো করার সম্ভাবনাও রয়েছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের হাইজাম্পে ব্রোঞ্জজয়ী ক্রীড়াবিদের সমান উচ্চতায় লাফিয়েছে সেলিম। তার সেই ধারাবাহিক পারফরম্যান্স থাকলে আমরা তার পদক জয়ের ব্যাপারেও আশাবাদি।