'আমার এখনও অনেক কিছু বলার আছে'

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলার পর, লিওনেল মেসির মনের ভেতরে চলছে নানারকম আবেগের দোলাচল। আবার আকাশী-সাদা জার্সি গায়ে জড়াতে না পারার অভাব এখনই বোধ করতে শুরু করেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে অবসরের সিদ্ধান্তটা সঠিক ছিল বলেই মনে করেন রেকর্ড আটবারের ব্যালন দ'র জয়ী। বাংলাদেশ সময় গত বুধবার সকালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অসাধারণ গৌরবময় এক পথচলার ইতি টানেন মেসি।

বিদায়ী ম্যাচের পরই দীর্ঘ বক্তৃতায় নানা অনুভূতির কথা তুলে ধরেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

পরদিন গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে এই মহাতারকা লেখেন, আরও অনেক কিছুই এখনও বলতে পারেননি তিনি। "গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আকাশী-সাদা জার্সি গায়ে জড়ানোটা আমি এখনই মিস করছি। জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটি ছিল অবিশ্বাস্য এক যাত্রা-আনন্দে ভরা, কিছুটা বিষাদও আছে-তবে আমি নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই যথাযথ ছিল। "আমার এখনও অনেক কিছু বলার আছে। অল্প কথায় বা একটি পোস্টে আমার অনুভূতির সবকিছু প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। আমার পরিবার পাশে না থাকলে এই যাত্রা কখনোই সম্ভব হতো না; বিশেষ করে কঠিন সময়ে, যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তারা সবসময় আমাকে সমর্থন জুগিয়েছে। ৩৯ বছর বয়সি মেসি স্মরণ করেন কিংবদন্তি দিয়েগো মারাদোনার কথা, আরেকবার কৃতজ্ঞতা জানান সবার প্রতি। "আমার বন্ধুরাও ছিল অপরিহার্য; সেই সঙ্গে আমার সতীর্থ, কোচ এবং তাদের সহকারীরাও। দিয়েগোর (মারাদোনা) কথাও ভুলতে চাই না-যিনি আমাদের দেশকে সেখানে পৌঁছে দিয়েছিলেন, যেখানে থাকাটা প্রাপ্য। আমি সবসময়ই বলি, তিনি যখন আমাদের মাঝে ছিলেন এবং স্বর্গে থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের সহায়তা করেছেন। "যেসব ক্লাবের হয়ে আমি খেলেছি, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই; তারা সবসময় আমার আবেগকে সম্মান জানিয়েছে এবং জাতীয় দলের জার্সি পরার সময় আমাকে দেশের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার সুযোগ দিয়েছে। আর অবশ্যই, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা: তার নির্দেশনা ও ইচ্ছা ছাড়া এতদূর আসার স্বপ্ন দেখাও আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি খুবই কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, আপনাদের মিস করব এবং আমাদের ও আমার পাশে থাকার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ জানাব। গত আগস্টে প্রয়াত বাবার কথাও স্মরণ করেন মেসি, "গত রাতে আমরা যে আপনাকে কতটা মিস করেছি, তা আপনি কল্পনাও করতে পারবেন না...।"