ফিফা সভাপতি নির্বাচন

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক ডিফেন্ডার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অনেক দিন ধরে অনেক কৌতূহলের পর অবশেষে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার একজন প্রার্থী পাওয়া গেল। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোর স্বদেশি এবং টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা। গত কয়েক মাস ধরে ইনফান্তিনোকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কারও দেখা মিলছিল না প্রকাশ্যে। বেগাই প্রথম চ্যালেঞ্জ জানালেন বর্তমান সভাপতিকে। স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান বেগার জন্ম ও বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি ফুটবল ক্যারিয়ারের প্রথম ছয় বছর তিনি খেলেছেন সুইস ক্লাব গ্রাসহপারে। পরে ইতালিয়ান ক্লাব কাইয়ারি হয়ে ১৯৯৭ সালে টটেনহ্যামে পাড়ি জমান এই সেন্টার ব্যাক। ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপের শিরোপা। ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। পরে খেলেছেন ওয়াটফোর্ডেও।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি ২৩টি ম্যাচ। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও স্বাদ পেয়েছেন ১৯৯৬ ইউরোতে খেলার। ৩২ বছর বয়সে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৩ সালে। ২০১৫ সালের অক্টোবরে বেগা ঘোষণা করেন যে, তিনি ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন। যদিও শেষ পর্যন্ত দাঁড়াননি। পরে ২০১৯ এবং ২০২২ সালেও ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তিনি খতিয়ে দেখছেন বলে শোনা গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার তার কণ্ঠে শোনা গেল সেই ঘোষণা।

ফিফা সভাপতি হতে চাওয়ার পেছনে নিজের ভাবনাগুলি তুলে ধরেন ৫৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার। 'আমার উদ্দেশ্য সহজ: ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে যারা প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করতে, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনতে, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করতে, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্র্নিমাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি আমি।"

আগামী মার্চে নির্বাচনে অংশ নেওয়ার কথা অনেক আগেই বলেছেন।