বসুন্ধরা-ফর্টিজের গোল উৎসব
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল লিগে দাপট অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংষ ও ফর্টিজ এফসি। গতকাল শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিকের সুবাদে দশজনের ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফর্টিজ। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। আর পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ। গতকাল শুক্রবার কিংস অ্যারেনায় বৃষ্টিস্নাত মাঠে ম্যাচ শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই গোল। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে ৭-০ গোলের বড় জয় তুলে নেয় বসুন্ধরা কিংস। দলের জয়ে হ্যাটট্রিক করেন মোহাম্মদ সাব্বির। জোড়া গোল করেছেন রাকিব হোসেন, অন্য দুই গোল আসে মনীশ দাঙ্গি ও মোহাম্মদ আব্দুল্লাহর পা থেকে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিংস। ডানপ্রান্ত দিয়ে রাকিব হোসেনের বাড়ানো ক্রসে বক্সের জটলার মধ্যে থেকে বল জালে পাঠান নেপালি ফরোয়ার্ড মনীশ দাঙ্গি। ম্যাচের বয়স তখন মাত্র ২৪ সেকেন্ড। পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির। নিজেদের অর্ধ থেকে ইউসুফ আলীর নেওয়া ফ্রি-কিক নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বড় ধাক্কা খায় ওয়ান্ডারার্স। বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক জসিম উদ্দিন। ফলে ১০ জনের দলে পরিণত হয় ওয়ান্ডারার্স। বিরতির পরও গোলের ধারাবাহিকতা ধরে রাখে বসুন্ধরা কিংস। ৪৯ মিনিটে রবসন রবিনিওর বাড়ানো থ্রু বল ধরে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে দারুণ চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাব্বির।
৬৩ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে ওয়ান্ডারার্স। সৌরভ বিক্রমকে তুলে তানভীর আহমেদকে মাঠে নামান কোচ আসাদুজ্জামান নুর। এক ম্যাচে তিন গোলরক্ষকের মাঠে নামার বিরল ঘটনা ঘটলেও কিংসের আক্রমণ থামানো যায়নি। ৬৯ মিনিটে রাকিব হোসেনকে বক্সের মধ্যে ফাউল করেন জোবায়ের আহমেদ। পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন রাকিব। ৮০ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবসন রবিনিও। তাঁর বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ৮৯ মিনিটে রবসনের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। ম্যাচের শেষ মুহূর্তেও গোলের ক্ষুধা কমেনি কিংসের। ৯০ মিনিটের পর রাকিবের ডানপ্রান্ত থেকে বাড়ানো ক্রসে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাব্বির। তাতে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ শেষে ফর্টিজ ও সিটি ক্লাবের পয়েন্ট সমান সাত। দুটি জয় ও একটি ড্র নিয়ে সমান পয়েন্ট অর্জন করেছে দুই দলই। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফর্টিজ এফসি।
