হকিতে ফেয়ার প্লে ও শৃঙ্খলার ওপর জোর বিমান বাহিনী প্রধানের
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন পর মাঠে ফিরেছে ঘরোয়া হকি। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রেখে খেলার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান ঘরোয়া হকি লিগ নিয়মিত আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ঘরোয়া হকির ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। লিগে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব। দলগুলো হলো- ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার। দীর্ঘ বিরতির পর ঘরোয়া লিগ মাঠে ফেরায় উচ্ছ্বসিত খেলোয়াড় ও হকিপ্রেমীরা। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের হকিতে নতুন গতি আসবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
