সোবহানার ইতিহাস গড়া ম্যাচে বড় হার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

সোবহানা মুশতারির রেকর্ড গড়া অনবদ্য সেঞ্চুরির পরও ব্রিসবেনে পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২২০ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে ফিবি লিচফিল্ডের ঝোড়ো ফিফটি আর জর্জিয়া ভলের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৩১ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা।
গতকাল রোববার বেনের অ্যালান বর্ডার ফিল্ডে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়া দলকে টেনে তোলেন সোবহানা ও জ্যোতি। চতুর্থ উইকেটে দুজনে গড়ে তোলেন ১৯৫ রানের ঐতিহাসিক রেকর্ড জুটি। সোবহানা ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের স্মরণীয় ইনিংস খেলেন, যা অস্ট্রেলিয়ার মাটিতে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো কোনো বাংলাদেশী ব্যাটারের প্রথম ও সর্বোচ্চ রানের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়ে জ্যোতি করেন ৭৫ রান। ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের সম্মানজনক পুঁজি গড়ে বাংলাদেশ।
তবে ২২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতেই ঝড় তোলেন ফিবি লিচফিল্ড ও জর্জিয়া ভল। আগ্রাসী ব্যাটিংয়ে লিচফিল্ড মাত্র ৫১ বলে ৭-টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে আউট হলে ভাঙে ১৫২ রানের উদ্বোধনী জুটি।
