হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন হাসান
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

একটি বল, একটি রিভিউ আর কয়েক সেকেন্ডের অপেক্ষা! তারপরই আবুধাবির মাঠে শুরু হলো উল্লাস। আম্পায়ারের চোখে যেটি ছিল নট আউট, প্রযুক্তির চোখে সেটিই হয়ে গেল আউট। আর তাতেই পূর্ণতা পেল হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক। দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল, সেটিই এবার সত্যি করে দেখালেন তিনি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এত দিন যে কীর্তি ছিল কেবল দুই স্পিনারের দখলে, এবার সেখানে প্রথম পেসার হিসেবে নিজের নাম লেখালেন এই ডানহাতি বোলার। শুধু হ্যাটট্রিক করেই থামেননি, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দিনটিকে রাঙিয়েছেন আরও বড় অর্জনে।
গতকাল আবুধাবিতে তৃতীয় দিনের সকালটা শুরু হয়েছিল বাংলাদেশের জন্য নতুন বল হাতে। আগের দিন ৪ উইকেটে ২১১ রান তুলে বেশ ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। কিন্তু নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন হাসান ও এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারেই ইকরামকে বোল্ড করে প্রথম আঘাতটি হানেন এবাদত। এরপর দৃশ্যপট পুরোপুরি নিজের করে নেন হাসান। আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভার। হাসানের তৃতীয় বলে ইসমত আলমের স্টাম্প ভেঙে যায়। ব্যাটসম্যানকে বোল্ড করে প্রথম ধাপ পার করেন তিনি। পরের বলেই কায়েস আহমেদের ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন লিটন দাস। দুই বলে দুই উইকেট, এবার ইতিহাসের হাতছানি।
হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে হাসান। ওভারের পঞ্চম বলটি করেন তিনি জিয়া উর রেহমানকে লক্ষ্য করে। বল গিয়ে লাগে ব্যাটসম্যানের প্যাডে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের জোরালো আবেদন। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দিলেন না। মুহূর্তের জন্য থমকে গেল বাংলাদেশের উদ্?যাপন। তবে হাল ছাড়েননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নিলেন রিভিউ।
এরপর টেলিভিশন রিপ্লেতে ফুটে উঠল আসল চিত্র। বল ব্যাটে নয়, সরাসরি প্যাডে আঘাত করেছে এবং সেটি গিয়ে লাগত অফ স্টাম্পের ওপরের অংশে। বদলে গেল আম্পায়ারের সিদ্ধান্ত। জিয়া উর রেহমান আউট, হাসানের হ্যাটট্রিক পূর্ণ! সতীর্থদের ছুটে আসা, হাসানের উচ্ছ্বাস-আবুধাবির মাঠে তখন বাংলাদেশের ক্রিকেটের নতুন ইতিহাস রচিত হচ্ছে!
২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েন সোহাগ গাজী। দুজনই ছিলেন স্পিনার। দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই তালিকায় নাম লেখালেন হাসান। তবে তার অর্জনের বিশেষত্ব, তিনিই প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন। সব দেশ মিলিয়ে চলতি বছর টেস্ট ক্রিকেটেও এটিই প্রথম হ্যাটট্রিক।
টেস্ট ইতিহাসের ৫০তম হ্যাটট্রিকের ঘটনাও এটি।
