ফিলিপাইনের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ মেয়েদের
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
শারীরিক গড়নে, টেকনিক্যালি এগিয়ে থাকা ফিলিপাইনের দৃঢ়তাপূর্ণ রক্ষণে অনেকটা সময় আটকে রাখল বাংলাদেশ। সে দেয়ালে চিড় ধরল ৭৩তম মিনিটে। এরপর ঘুরে দাঁড়িয়ে, বাছাই পেরুনোর সমীকরণ মেলানোর মতো কিছুই করতে পারল না দল। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশা সঙ্গী হলো আলপি-মেঘলাদের। উজবেকিস্তানের তাসখন্দে গতকাল রোববার এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিপাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। 'এইচ' গ্রুপে দ্বিতীয় হয়ে থামল সাইফুল বারী টিটুর দলের পথচলা। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জিতেছিল উজবেকিস্তানের বিপক্ষে। ফিলিপাইনের জয় ছিল ৪-০ গোলে, বাংলাদেশের ২-১ ব্যবধানে। ফলে, গ্রুপ সেরা হতে ফিলিপাইনের জন্য ড্রই ছিল যথেষ্ট। বাংলাদেশের সামনে জয়ের বিকল্প কোনো পথ ছিল না। কঠিন সমীকরণ মেলাতে নেমে শুরু থেকেই কোণঠাসা মুন্নী-রানীরা। খেলা হতে থাকে বাংলাদেশের অর্ধে। তবে, দারুণ দূঢ়তায় প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে নিচ্ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে গোলমুখ থেকে সম্ভাব্য বিপদ ক্লিয়ার করেন ডিফেন্ডার মৌসুমী আক্তার। ষোড়শ মিনিটে দূরপাল্লার শট ঝাঁপিয়ে গ্লাভসে জমানোর পর, ২৩তম মিনিটে কাছের পোস্ট দিয়ে আসা শটও ফেরান গোলকিপার মেঘলা রানী রায়। পাঁচ মিনিট পর আরিনা সোফিয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কুলিং ব্রেকের পর, বাংলাদেশের খেলায় কিছুটা ধার ফিরে। বলের নিয়ন্ত্রণ রাখার দিকে মনোযোগী হয় দল।
