বিসিবির ট্রান্সপোর্ট পার্টনার হলো গাড়িবুক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অন্যান্য অনেক খাতের মতো ক্রিকেটও স্পন্সরশিপের ক্ষেত্রে বেশ ভুগেছে। তবে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে গত কয়েক মাসের স্পন্সরের বেশ স্রোত দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পন্সরের নতুন এই ক্যাটেগরিতে বিসিবির সঙ্গী 'গাড়িবুক।'
গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়েবভিত্তিক এই পরিবহন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বিসিবি। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের টেস্ট সিরিজেই জন্যই এই চুক্তি।
ভবিষ্যতে তা বাড়ানোর আশাবাদ জানানো হয়েছে দুই পক্ষ থেকেই। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দিচ্ছে গাড়িবুক। এই চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে থাকবে গাড়িবুক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং। ঢাকা ও সিলেট, দুই টেস্টেই সেই লোগো সম্বলিত গাড়িতে মাঠে যাবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামার জোসেফ, রস্টন চেইসরা। বিসিবিতে এর আগে বিভিন্ন ক্যাটেগরিতে স্পন্সরশিপের ঘটনা দেখা গেলেও ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এটিই প্রথম। বোর্ডের আশা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দীর্ঘ মেয়াদে এই ক্যাটেগরিতে স্পন্সর পাবেন তারা। সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, স্পন্সর পাওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, তা কাটিয়ে উঠে ইতিবাচকভাবে এগোচ্ছে বোর্ড। সেই ধারাবাহিকতায় প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনারের সঙ্গে চুক্তি করলেন তারা।
