অবশেষে স্ট্রাইকার খুঁজে পেল বাংলাদেশ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলে স্ট্রাইকার-সংকট নতুন কিছু নয়। গোল করার মতো নির্ভরযোগ্য ফরোয়ার্ডের অভাবে দীর্ঘদিন ধরেই ভুগছে জাতীয় দল। সেই আক্ষেপ ঘোচানোর আশায় এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ রোনান সুলিভানের দিকে তাকিয়ে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে আলো ছড়ানো এই ফরোয়ার্ড এবার খেলবেন জাতীয় দলের হয়ে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। রোনানকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই অপেক্ষার অবসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাফুফে ভবনে ফাহাদ করিম বলেন, 'আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে কনফার্ম করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।' জাতীয় দলে রোনানের অন্তর্ভুক্তি নিয়ে আগ্রহের বড় কারণ গত এপ্রিলে তার পারফরম্যান্স। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করে নিজের সামর্থ্যের জানান দেন এই ফরোয়ার্ড। তার জোড়া গোলেই বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২-০ ব্যবধানে। শুধু গ্রুপ পর্বেই নয়, ফাইনালেও দলের প্রয়োজন মিটিয়েছিলেন রোনান। ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। সেই টাইব্রেকারেও গোল করেছিলেন রোনান। যুব দলের হয়ে এমন পারফরম্যান্সের পর এবার জাতীয় দলের বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

বাংলাদেশের আক্রমণভাগে তার উপস্থিতি কতটা প্রভাব ফেলবে, তা অবশ্য সময়ই বলে দেবে। তবে একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাবের মধ্যে রোনানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্বস্তির খবর।