হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

নির্বাচনের কয়েক মাস আগে সফরের মাঝপথে হুট করে ঢাকায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর দুই ঘণ্টার বিরতি বেশ কৌতুহল জাগানিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান, অথচ তার বাংলাদেশ সফরের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি নেই! ফিফার সভাপতির ঢাকা আগমন ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছিল কৌতূহল। কোনো আনুষ্ঠানিক সফর নয়, ছিল নিছক যাত্রাবিরতি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকাকে ট্রানজিট হিসেবে বেছে নিতে হয় তাকে। কিন্তু বিশ্ব ফুটবলের শীর্ষ ব্যক্তিত্বের এই স্বল্প সময়ের উপস্থিতিকেও কাজে লাগাতে পিছিয়ে থাকেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল রোববার দুপুরে দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইনফান্তিনো। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং ফিফার সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। এই সংক্ষিপ্ত সাক্ষাতের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মাণাধীন টেকনিক্যাল সেন্টার। বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপির ভাষ্য, প্রকল্পটির বিষয়ে ইনফান্তিনোকে অবহিত করা হয়েছে।
