ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
শুরুতেই বড় ধাক্কা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ! গত রাতে ব্যাটিং বিপর্যয়ে ৫০ ওভারের ম্যাচে ৩৩.৪ ওভারেই গুটিয়ে গেছে ইনিংস। এমন হারে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে ঠিকই, তবে শেষ হয়ে যায়নি সম্ভাবনা। এখনো বাংলাদেশের সামনে খোলা আছে ফাইনালের দরজা। তবে সেই দরজা দিয়ে ঢুকতে হলে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের দিকেও। আবুধাবিতে আগে ব্যাট করে ২৭১ রান তুলেছিল জিম্বাবুয়ে। শুরুতে মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও পরে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো পুঁজি গড়ে তারা। জবাবে বাংলাদেশের ব্যাটিং ছিল পুরোপুরি হতাশাজনক। তানজিদ হাসান তামিমের ৩৮ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি অন্য ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। এই হারের পর ফাইনালে ওঠার সমীকরণে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে দুটি পথ।
প্রথম সমীকরণ
আগামী ১৯ অক্টোবর জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সে ক্ষেত্রে ২১ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। জিম্বাবুয়ের জয় এবং বাংলাদেশের জয়-এই দুই ফল বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার পথ তৈরি করবে। তখন আর জটিল নেট রান রেটের হিসাব নিয়ে ভাবতে হবে না!
দ্বিতীয় সমীকরণ
অন্যদিকে ১৯ অক্টোবর জিম্বাবুয়েকে হারিয়ে দিলে আফগানিস্তান, বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠবে। কারণ, এরপর বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। প্রত্যেকের পয়েন্ট দাঁড়াবে ২ করে। তখন ফাইনালে ওঠার সিদ্ধান্ত হবে নেট রান রেটের ভিত্তিতে। এই জায়গাতেই সবচেয়ে বেশি পিছিয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হারে টাইগারদের নেট রান রেট দাঁড়িয়েছে ঋণাত্মক ১.৯৮০। বিপরীতে জিম্বাবুয়ের নেট রান রেট ধনাত্মক ১.৯৮০। আফগানিস্তান এখনো মাঠে না নামায় তাদের পয়েন্ট ও নেট রান রেটের হিসাব খোলা হয়নি
আফগানিস্তান প্রথম ম্যাচ জিতলে বাংলাদেশকে শুধু শেষ ম্যাচে জয় পেলেই হবে না, নেট রান রেটের হিসাবেও নিজেদের অবস্থান শক্ত করতে হবে। কত ব্যবধানে জিততে হবে, সেটি নির্ভর করবে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ফল এবং আফগানিস্তানের নেট রান রেটের ওপর। বাংলাদেশের সামনে এখন অপেক্ষার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের জয় হলে শেষ ম্যাচে নিজেদের কাজটা করেই ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ থাকবে। আর আফগানিস্তান জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে জড়িয়ে পড়তে হবে কঠিন রান রেটের অঙ্কে। প্রথম ম্যাচের ব্যর্থতা তাই বাংলাদেশকে বড় চাপে ফেললেও ফাইনালের স্বপ্ন এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি!
