ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যাওয়ার সময় ঢাকায় দেড় ঘণ্টা ট্রানজিট অবস্থান নিয়েছিলেন তিনি। আর গতকাল ফেরার সময় দিয়েছিলেন পৌঁনে এক ঘণ্টা যাত্রাবিরতি।
জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ কংগ্রেস। বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক ইতোমধ্যে টোকিও গেছেন। তাই ফিফা সভাপতিকে আজ ঢাকা বিমানবন্দরে ফেডারেশনের পক্ষে অভ্যর্থনা দিয়েছেন দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ফিফা সভাপতিও টোকিও যাবেন এএফসি সভায়।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ফিফা সভাপতির সঙ্গে আলাপচারিতা নিয়ে বলেন, 'ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।' ভুটানে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে বাফুফে সহ-সভাপতি বলেন, 'ট্যাকনিক্যাল সেন্টারে আমাদের ফিফার একটি বড় প্রজেক্ট রয়েছে। সেখানে আরও সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সকল দেশের অনুদানই বাড়ার প্রস্তাব রয়েছে। সেটা পাশ হলে বাংলাদেশও পাবে ভালো অঙ্ক।'
