মাবিদার বাইসাইকেল কিকে স্বপ্নভঙ্গ মোহামেডানের
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
একটি দুর্দান্ত গোলেই বদলে গেল মোহামেডানের ম্যাচের গল্প। সুলেমান দিয়াবাতের গোলে যখন জয়ের স্বপ্নে বিভোর সাদা-কালো শিবির, তখনই যেন আকাশ থেকে নেমে এলেন ইয়োহান মাবিদা। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের চোখধাঁধানো ওভারহেড কিকে সমতায় ফিরল পিডব্লুডি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ফেডারেশন কাপে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো মোহামেডানকে। অন্যদিকে আজ আরেক ম্যাচে জয়ের হাসি ফুটেছে বসুন্ধরা কিংসের মুখে। সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে 'বি' গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। দিনের আরেক ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। ১৭ মিনিটেই সেই আক্রমণের পুরস্কার পায় দলটি। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। রেফারি আলমগীর সরকার পেনাল্টির নির্দেশ দিলে পরের মিনিটেই স্পটকিক থেকে গোল করেন রবসন!
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগায় কিংস। ৪০ মিনিটে রাকিব হোসেনের শট ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ইসহাক আকন্দ। তবে ফিরতি বলের নাগাল পেয়ে হেডে জালে পাঠাতে ভুল করেননি এমেকা ওগবুগ।
দুই গোলে এগিয়ে বিরতিতে যাওয়া কিংস দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে না পারলেও প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। মোহামেডানের ম্যাচটি ছিল ঠিক উল্টো চিত্রের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লুডির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে সাদা-কালোরা। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে ছয়টি শট লক্ষ্যে রেখেও গোলের দেখা পায়নি তারা।
