বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি
ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে বাংলাদেশ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে দুর্দান্ত সূচনার পর ভারতের কাছে হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। তবে তৃতীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি'র ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা লড়াইয়ের ম্যাচে সেই ভারতের মোকাবিলা করবে স্বাগতিক মেয়েরা। প্রথম দেখায় যাদের সঙ্গে ৩৪ গোলের ব্যবধানে হেরেছে তারা। লিগ পর্বে ১৩-৪৭ গোলের বড় ব্যবধানে হারের স্মৃতি ভুলে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই এখন স্বাগতিকদের লক্ষ্য। ব্যবধান কমিয়ে লড়াই করার প্রত্যয় নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা।
আজ দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শিরোপার লড়াইয়ের আগে বুধবার অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো এবং বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে কোচের উপলব্ধি, ভারতের ফাস্ট ব্রেক ঠেকাতে না পারাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই জায়গায় উন্নতি করতে চান তিনি। আলোনসো বলেন, 'আমার চোখে, ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।'
ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মানলেও আগের ম্যাচের চেয়ে ভালো খেলার আশা ছাড়ছেন না বাংলাদেশের কোচ। তার বিশ্বাস, পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব। আলোনসো বলেন, 'হ্যাঁ, আমার বিশ্বাস আগের ম্যাচের চেয়ে আমরা আরও ভালো করতে পারব। আর আমরা ভারতের সঙ্গে সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। তাই সেটাই আমার লক্ষ্য আরও ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।' ভারতের সঙ্গে ব্যবধান কমাতে আক্রমণে ভুল কমানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন আলোনসো। তার মতে, পুরো ৬০ মিনিট মনোযোগ ধরে রেখে খেলতে পারলে ম্যাচে লড়াইয়ের সুযোগ তৈরি হবে। তবে এই পর্যায়ে যেতে বাংলাদেশের আরও অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। আগের ম্যাচে করা ভুলগুলো শুধরে ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন খেলোয়াড় মাসুদা আক্তারও। তিনি বলেন, 'আমরা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব।'
ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার ওপর জোর দিয়েছেন মাসুদা। তার কথায়, 'কিন্তু আমরা সবাই যদি সবার বেস্টটাতে ট্রাই করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব। হয়তোবা সেকেন্ড ম্যাচে যেমন গোল খেয়েছিলাম আমরা, হয়তোবা তার থেকে একটু কম, কম গোলের ব্যবধানে হয়তোবা কোনো একটা কিছু করা যায়।' দলের আরেক খেলোয়াড় আছিয়া আক্তারও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়কে গুরুত্ব দিচ্ছেন। ভারতের শক্তিমত্তা সম্পর্কে সচেতন বাংলাদেশ দল। তবে ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান তারা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের সামনে তাই চ্যালেঞ্জ দুটি— ভারতের দ্রুত আক্রমণ সামলানো এবং লিগ পর্বের বড় হারের পর নিজেদের খেলায় উন্নতির প্রমাণ দেওয়া। এবার সেই পরীক্ষায় কতটা সফল হতে পারেন সানজিদা-মাসুদারা সেটাই দেখার অপেক্ষা।
