উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে নেতৃত্বে জাকের

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচটি শুধু তাদের প্রস্তুতির মঞ্চ নয়, বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের জন্যও হতে পারে বড় সুযোগ। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়ানো পারফরমারদের নিয়ে বিসিবি একাদশ সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অভিজ্ঞ বলতে আছেন কেবল জাকের আলী অনিক। বাকিদের অধিকাংশের জন্যই এটি নিজেদের সামর্থ্য প্রমাণের বড় পরীক্ষা। অনিক দেব বর্মন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরপরই আরেকটু বড় মঞ্চে পা পড়তে যাচ্ছে এই পেসারের। দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামের পর গতকাল মিরপুরে প্রথম অনুশীলন করেছে তারা। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের বিসিবি একাদশে সবচেয়ে আলোচিত নাম মাহফিজুল ইসলাম রবিন। চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ময়মনসিংহের এই ডানহাতি ওপেনার। পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন তিনি।

এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মাহফিজুল।

ওপেনিংয়ে তার সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন ও ঢাকার জিসান আলম। ঘরোয়া ক্রিকেটে রান পাওয়া আরেক ব্যাটসম্যান কালাম সিদ্দিকীও রয়েছেন দলে। খুলনার এই ব্যাটার চার ইনিংসে করেছেন ১৯৫ রান। ফলে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন একাধিক প্রতিশ্রুতিশীল ব্যাটার। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেনও। তবে অভিজ্ঞতার বিচারে সবার চেয়ে এগিয়ে জাকের আলী।