স্ক্যালোনির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টিনা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

চারটি বড় শিরোপা জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের নামটা আলাদাভাবে লিখেছেন লিওনেল স্কালোনি। সেই সাফল্যের রূপকারকে সহজে ছাড়তে রাজি নয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বরং স্কালোনির সঙ্গে সম্পর্কটা আরও দীর্ঘ করতে চাইছে তারা। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে এই কোচকে! স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচক পরিণতির দিকে এগোচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোর ও টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ। তবে চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হতে পারে। সেটি কার্যকর হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারবেন স্কালোনি। চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন স্কালোনি। এরপরই দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন তিনি। যদিও চুক্তি নবায়নের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

নভেম্বরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে ঘিরে তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এই আন্তর্জাতিক বিরতিতেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় এএফএ। স্কালোনিও অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তখন তার বক্তব্য ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব। যদিও সেই সময় নতুন কোনো খবর নেই বলেও জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।তবে স্কালোনিকে ধরে রাখার পাশাপাশি তার পুরো কোচিং স্টাফকেও একসঙ্গে রাখতে চায় এএফএ। কারণ, আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে শুধু প্রধান কোচ নন, তার সহকারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।