তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচে গোলের উত্তেজনা, খেলোয়াড়দের হাতাহাতি, লাল কার্ডের নাটক-কী ছিল না! মাঠের ফুটবল ছাপিয়ে একপর্যায়ে আলোচনায় চলে আসে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ। তবে সব উত্তেজনা সামলে শেষ পর্যন্ত জয় উদ্?যাপন করেছে ব্রাদার্স ইউনিয়ন। পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলি রেজার জোড়া গোলে বাংলাদেশ ফুটবল লিগে আবাহনী লিমিটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে গোপীবাগের দলটি। গতকাল শুক্রবার গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আবাহনীর লক্ষ্য ছিল জয়ের ধারায় থেকে শীর্ষের দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে ছিল ব্রাদার্স। শেষ পর্যন্ত রেজার ব্যক্তিগত নৈপুণ্যে সেই অপেক্ষার অবসান ঘটেছে। একই সঙ্গে চলতি লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে আবাহনী। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে গোলের দেখা পেতে দুই দলকেই অপেক্ষা করতে হয়। ২৭তম মিনিটে আবাহনীর রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাদার্সকে এগিয়ে দেন রেজা। প্রতিপক্ষের অর্ধ থেকে আসা লম্বা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আবাহনীর ডিফেন্ডাররা। সেই সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন পাকিস্তানি ফরোয়ার্ড। প্রথমার্ধে পিছিয়ে থাকা আবাহনী বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৮তম মিনিটে সেই চেষ্টায় সফলও হয় তারা। ইয়াসিন কানের নেওয়া ফ্রি-কিকের পর সতীর্থের ব্যাক পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন রবিউল হাসান। তার শটে বল জালে জড়ালে সমতায় ফেরে আকাশি-নীলরা। সমতায় ফেরার পর আবাহনীর সামনে সুযোগ ছিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার। কিন্তু গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠার খেসারত দিতে হয় উল্টো। ৭৬তম মিনিটে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো লম্বা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন আবাহনীর আসাদুজ্জামান বাবলু। বল পেয়ে যান রেজা। ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই আবার এগিয়ে যায় ব্রাদার্স। এর মাঝেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আবাহনীর মাইকেল বাবাতুন্ডে ও ব্রাদার্সের উইলিয়াম ওলামপিওর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি ছুটে গিয়ে ধাক্কা দেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোনাথন সান্তানাকে। পাল্টা ধাক্কায় ওকাচিকে মাটিতে ফেলে দেন সান্তানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে তাতেও শেষ হয়নি কার্ডের নাটক। ৮৫তম মিনিটে আলি মিরাদ সরাসরি লাল কার্ড দেখলে ব্রাদার্সও পরিণত হয় ১০ জনের দলে। ফলে শেষদিকে দুই দলেরই খেলোয়াড় সংখ্যা কমে আসে। তবু ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে ব্রাদার্স। এই জয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আবাহনী। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ পুলিশ।
দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
