অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
ওয়েলেসের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৫ ফেস্টিভ্যালের সঙ্গে এবার প্রথম বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। ফিফার সদস্য সব দেশকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রথম সংস্করণেই নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত বাংলাদেশ। আজ ওয়েলস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আজারবাইজানের বাকুতে স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।
আজ থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। সব মিলিয়ে ১৮৯টি দেশের দল খেলবে এই বিশ্বকাপে। বিপুল সংখ্যক দলের অংশগ্রহণের কারণে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স এবং ক্রিস্টাল হলে হবে ম্যাচগুলি। একসঙ্গে ২০টি ম্যাচ আয়োজনের পরিকাঠামো তৈরি রাখা হয়েছে। বাকুতে পৌঁছে দুটি অনুশীলন সেশন করেছে বাংলাদেশ দল। কোচ আকবর হোসেন রিদন জানিয়েছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত শিষ্যরা। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বললেন, 'কাল আমাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ইউরোপিয়ান দল ওয়েলস। আমাদের ছেলেরাও প্রস্তুত।'
প্রতিপক্ষ অপরিচিত হওয়ায় নিজস্ব পরিকল্পনায় প্রথম ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে পরবর্তী পরিকল্পনা সাজাতে চান আকবর হোসেন। বললেন, 'যেহেতু ইউরোপিয়ান একটা দল, তাদের কোনো তথ্য আমাদের কাছে নেই, খুব একটা। আমরা নিজেদের গেম প্ল্যানের ওপর ভরসা করছি। আগামীকালের ম্যাচের ওপর নির্ভর করে, আমরা চিন্তু কর তাদের ইনটেনশন, সামর্থ্যের ব্যাপারে অবগত হব। তারপর আমরা পরবর্তী পরিকল্পনা ঠিক করবো। আমি আশা করি, ছেলেরা হতাশ করবে না, ভালো পারফরম্যান্স দেখাবে ইনশাআল্লাহ।
এই প্রতিযোগিতায় খেলা হবে আট জনের দল নিয়ে। প্রত্যেক ম্যাচে দুটি হাফ হবে ২০ মিনিট করে। সব মিলিয়ে ৪০ মিনিট খেলা হবে। গ্রুপ পর্বের পরে দলগুলিকে ছয়টি টিয়ারে ভাগ করা হবে। তার পরে চলবে পরবর্তী পর্বের লড়াই। 'এ' টিয়ারের শীর্ষে শেষ করা দলই জিতবে প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ।
