আশরাফুলের বিকল্প খুঁজছে বিসিবি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

মোহাম্মদ আশরাফুলের জায়গায় কাকে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জাতীয় দলের জন্য অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। সেই খোঁজে আলোচনায় এসেছে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলা ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের নাম। তালিকায় আছেন আরও কয়েকজন, যাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কোচও রয়েছেন। আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানোর পর নতুন নিয়োগের বিষয়টি সামনে আসে। গত শনিবার বিসিবি অফিসিয়ালি জানিয়েছে, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে ব্যাটিং বিভাগ দেখভাল করবেন সালাহউদ্দিন। বিদেশি কোচ নিয়োগের প্রক্রিয়া চলবে এই সিরিজের পরও। নতুন কোচের সন্ধানে বিসিবির ভাবনায় সবচেয়ে আলোচিত নাম হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সময়ের অন্যতম সফলদের একজন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিং ও পরামর্শকের ভূমিকায় কাজ করেছেন বিভিন্ন পর্যায়ে। কেপটাউন ব্লিটজ, পেশোয়ার জালমি, এমআই কেপটাউন ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল লায়ন্সের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বিসিবির দায়িত্বশীল সূত্রে আমলার সঙ্গে বোর্ডের আলোচনা চলার খবরও এসেছে। তাকে দীর্ঘমেয়াদে পাওয়া না গেলে দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত পরামর্শক হিসেবে যুক্ত করার ভাবনাও রয়েছে বলে জানা গেছে। আলোচনায় আছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফও। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি কোচিংয়েও কাজ করেছেন তিনি। পাকিস্তান জাতীয় দল ও বয়স ভিত্তিক দলের সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
