২০০ মিটার স্প্রিন্ট

শিরিনের রেকর্ড ইমরানুরের স্বর্ণ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আরাফাত রহমান কোকো জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে নারী ও পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন যথাক্রমে বাংলাদেশ নৌ-বাহিনীর শিরিন আক্তার ও ইমরানুর রহমান। এর মধ্যে নতুন জাতীয় রেকর্ড গড়ে নারী বিভাগের শিরোপা জিতেছেন শিরিন। গতকাল রোববার প্রতিযোগিতার শেষ দিনে ২০০ মিটারে শিরিন সময় নিয়েছেন ২৪.৩৫ সেকেন্ড। এর মধ্য দিয়ে ২০২৪ সালে নিজের গড়া ২৪.৬৮ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম দিন ১০০ মিটার স্প্রিন্টেও সেরা হয়েছিলেন নৌ-বাহিনীর এই অ্যাথলেট।

নারীদের ২০০ মিটারে শিরিনের ধারের কাছেও যেতে পারেননি অন্য প্রতিযোগীরা। ২৫.১১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন। ২৫.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর মোসাম্মৎ বর্ষা খাতুন। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন নৌ-বাহিনীর ইমরানুর রহমান। তিনি দৌড় শেষ করেছেন ২১.১৮ সেকেন্ডে। ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার।