ভারতের বিপক্ষে 'ভালো ফলের' আশা আশরাফুলদের
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দুই দলের সবশেষ দেখা আশা জাগানিয়া নয়। এশিয়ান গেমসে রীতিমতো শক্তিশালী ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম অবশ্য ভালো ফল পাওয়ার প্রশ্নে আশাবাদী। পাঞ্জাবে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে রাউন্ড রবিন লিগ শুরু করবে বাংলাদেশ। সবশেষ এশিয়ান গেমসে তাদের বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল দল। ২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়ছে আশরাফুল-রোমানদের।
ঢাকায় এবং পাঞ্জাবে গিয়ে প্রস্তুতি ভালো হওয়ায়, ভারতের বিপক্ষে এবারের ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী আশরাফুল। 'আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আপনারা জানেন যে, আমরা এখানে এসে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি। কালকে ম্যাচ, আজকে সকালে আমরা আমাদের শেষ অনুশীলন সেশন শেষ করলাম। আমাদের প্র্যাকটিস সেশন খুব ভালো গেছে, খেলোয়াড়েরা সবাই আত্মবিশ্বাস নিয়ে সবকিছুই করছে। কালকে আমাদের ম্যাচ, তো দেখা যাবে আসলে ম্যাচে কী হয়। আমার মনে হয়, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে, কোচ যেভাবে পরিকল্পনা করেছেন, আশা করি ভালো একটা ফল হবে।'
টিম ম্যানেজার রাহুল রায় অবশ্য বাস্তবের জমিনে পা রাখছেন। ভারতকে 'জায়ান্ট অব এশিয়ান হকি' মেনে নিয়ে বললেন, ভালো খেলার প্রত্যাশা তাদের। 'এর আগে একটা বড় টুর্নামেন্ট (এশিয়ান গেমস) খেলে এসেছি আমরা। এরপর ছেলেরা আবারও প্রস্তুতি নিয়েছে, ক্যাম্প করেছে এবং এখানে এসে যেটি সবচেয়ে ইতিবাচক, আমরা ২৩ তারিখ আসার পর দিন থেকেই দুইবেলা অনুশীলন করেছি। আজকেও প্র্যাকটিস সেশন হয়েছে। তবে ভারতকে বলা হয় যে জায়ান্ট অফ এশিয়া হকি। তো সবচেয়ে বড় দলের সঙ্গে আমাদের খেলা একদম প্রথম ম্যাচেই। আমার মনে হয় এশিয়ান গেমসে আমরা তাদের সঙ্গে খেলেছি। যিনি হেড কোচ রয়েছেন, তিনি কিছু পরিকল্পনা করেছেন, সেই অনুযায়ী প্র্যাকটিস হচ্ছে। এখন ছেলেরা যদি সেগুলো প্রয়োগ করতে পারে, আমার মনে হয় যে নিশ্চিতই ভালো একটা রেজাল্ট হবে। আশা করছি ভারতের সঙ্গে একটা ভালো ম্যাচ হবে, যেটি আমাদের পরের ম্যাচগুলোতে ভালো করার একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।'
