আরও এক ডিফেন্ডারকে হারাল বার্সেলোনা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
মৌসুমের ব্যস্ত সময়ে আরেকটি বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারা ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে প্রায় সাত সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার শাভি এস্পার্ত। কাম্প নউয়ে গত রোববার বার্সেলোনার ২-১ গোলে হারা লা লিগার ম্যাচটিতে ৩০তম মিনিটে প্রতিপক্ষের অহেলিয়া চুয়ামেনির সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়েন এস্পার্ত। পরদিন কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ১৯ বছর বয়সি এই স্প্যানিশ ফুল-ব্যাকের ডান অ্যাঙ্কেলে চোট ধরা পড়েছে। চোটে পড়ার আগে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে ছিলেন এস্পার্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচ খেলে দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন তিনি। এস্পার্তের এই চোটের ফলে বার্সেলোনার রক্ষণভাগের বিকল্প খেলোয়াড় আরও কমে গেল। চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন তিন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুল কুন্দে ও এরিক গার্সিয়া। খেলার জন্য পাওয়া যাবে-এমন ডিফেন্ডার বর্তমান দলে আছেন কেবল চার জন- জুয়াও কান্সেলো, পাউ কুবার্সি, জেরার্দ মার্তিন ও আলেহান্দ্রো বাল্দে।
