সাদমানকে নিয়ে পুরো দলই আসলে নার্ভাস

—সালাউদ্দিন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আলোকস্বল্পতায় প্রথম দফায় যখন খেলায় ছেদ পড়ল, তখন সাদমান ইসলাম অপরাজিত ছিলেন ৯৬ রানে। এরপর আঁধার কেটে সূর্যের হাসির দেখা পাওয়ায় তার মনেও হয়তো আশা জেগেছিল— সেঞ্চুরিটা এদিনই পেয়ে যাওয়ার। কিন্তু বিধি বাম! তিন ধাপ এগিয়ে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের অপেক্ষা যখন আর মাত্র একটি রানের, সে সময় আবার পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে গেল। একইসঙ্গে দিনের খেলারও ইতি টেনে দিলেন আম্পায়াররা। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির সুবাস পাওয়া সাদমান উৎকণ্ঠা আর রোমাঞ্চ নিয়ে অপরাজিত থেকে গেলেন ৯৯ রানে। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া টাইগাররা সাদমানের কল্যাণে প্রথম দিনে ৭৪ ওভারে তুলেছে ৩ উইকেটে ২১৩ রান। শুরু থেকেই পিচে অসমান বাউন্স ও টার্নের দেখা মিললেও সাদমান ছিলেন নিজের সামর্থ্যে অবিচল। ধৈর্য ও শৃঙ্খলার ছাপ রেখে সেঞ্চুরি থেকে মাত্র একটি রান দূরে আছেন তিনি। দলকে ভরসা দিয়ে তার ২১৯ বলের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ১০টি চারে। সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে সাদমানকে এখন কাটাতে হবে দীর্ঘ একটি রাত। দিনশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোটা বাংলাদেশ দলই শঙ্কা নিয়ে থাকবে অপেক্ষায়, 'নার্ভাস... আমরা পুরো দলই আসলে নার্ভাস।