মিরপুরে নেই সিলেটে থাকবেন মুশফিক?

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে ছিল কৌতূহল! ওয়ার্মআপে জাকের আলী অনিককে কিপিং করতে দেখে লিটন দাসের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। টসের পর সেই সংশয় কেটে যায়, একাদশে জায়গা পান লিটন। কিন্তু একজনের প্রত্যাবর্তনের আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি বাংলাদেশ। আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। মুশফিকের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। শুধু অভিজ্ঞতার বিচারে নয়, দলের ব্যাটিং অর্ডারে তার অবস্থানও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই ব্যাটারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের লড়াই শুরু করতে হয়েছে স্বাগতিকদের।

মুশফিকের চোটটা অবশ্য ম্যাচের আগের দিনই দৃশ্যমান হয়েছিল। মিরপুরের একাডেমি মাঠে নেটে ব্যাটিংয়ের সময় ডান হাতের তর্জনিতে বলের আঘাত পান তিনি। ব্যথার তীব্রতায় অনুশীলন বন্ধ করে নেটের পাশেই বসে পড়েন। পরে প্রায় আধা ঘণ্টা চিকিৎসা নিয়ে আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। সেদিন আর ব্যাটিংয়ে ফেরেননি। এক্স-রেতে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় তাকে নিয়ে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের দিন সকালেও আঙুলের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটে। মুশফিককে বাইরে রেখেই একাদশ সাজায় বাংলাদেশ। তার জায়গায় সুযোগ পান তাওহিদ হৃদয়। জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম চোটের অবস্থা ব্যাখ্যা করে এক ভিডিও বার্তায় বলেছেন, মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে।