গাজার শিশুদের চিকিৎসায় হামজার এক লাখ পাউন্ড
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ফুটবল মাঠে বাংলাদেশের তারকা হামজা চৌধুরী এবার পাশে দাঁড়ালেন গাজার অসহায় শিশুদের। তার উদ্যোগে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এক লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
সংগৃহীত পুরো অর্থ ব্যয় করা হবে গাজার শিশুদের জরুরি চিকিৎসা সহায়তায়। 'আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।'- নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দেওয়া পোস্টে এভাবেই তহবিল সংগ্রহের খবর জানান বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। এই উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তি, দাতা ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে এ দাতব্য আয়োজন করেন হামজা। গত রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। সেখানে হামজাকে নিয়ে আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় দাতব্য নিলাম।
মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারক তোলা হয় নিলামে।
নিলামে বিশেষ আকর্ষণ ছিল হামজার নিজের ফুটবল ক্যারিয়ারের স্মারক। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের জার্সিটি বিক্রি হয়েছে ৭ হাজার পাউন্ডে। আর কমিউনিটি শিল্ডজয়ী পদক বিক্রি হয়েছে ৩ হাজার পাউন্ডে। অনুষ্ঠানের টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ দেওয়া হয়েছে 'চিলড্রেন নট নাম্বারস' নামের সংস্থাটিকে।
গাজার শিশুদের জন্য এই অর্থ কীভাবে কাজে লাগানো হবে, ইনস্টাগ্রাম পোস্টে তা-ও স্পষ্ট করেছেন হামজা, 'সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের চমৎকার কাজে ব্যয় করা হবে, যারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এই শিশুদের অনেকের জন্যই চিকিৎসার্থে বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়া বেঁচে থাকার একমাত্র আশা। সংগৃহীত সব অর্থই এমন শিশুদের চিকিৎসার্থে স্থানান্তর প্রক্রিয়ায় ব্যয় করা হবে, যাদের এটি অত্যন্ত প্রয়োজন।'
