মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুমিনুল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এবার মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমেছেন জাকের আলী অনিক।

আইসিসির নিয়ম অনুযায়ী, পরবর্তী সাত দিন মাঠে নামতে পারবেন না মুমিনুল। ফলে দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। পরে তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা দেয়। এ কারণে ম্যাচের বাকি সময়ের জন্য কনকাশন বদলি হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার পরবর্তী সাত দিন খেলতে পারবেন না। ফলে দ্বিতীয় টেস্টে মুমিনুলের খেলার সম্ভাবনা থাকছে না। এদিকে চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আরেক ব্যাটার লিটন দাসও খেলছেন চোট নিয়ে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোটে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। মাঠের লড়াইয়েও স্বস্তিতে নেই স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ২৭২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫৬ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ছয় ব্যাটার। শামার জোসেফের লেগ স্টাম্পে ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার ফিরেছেন শূন্য রানে। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের জুটিতে লিড ৫০ ছাড়ায়। তবে ইনিংসের ১১তম ওভারে তিন বলের ব্যবধানে ফিরে যান সাদমান ও তাওহীদ হৃদয়। আগের ইনিংসে সেঞ্চুরি করা সাদমান এবার ৩০ বলে ১৩ রান করে জাস্টিন গ্রিভস চেজের বলে বোল্ড হন। পরের বলেই আউট হন হৃদয়। একটি বল ডিফেন্ড করার পর ক্যারিবীয় বোলারদের চাপে ফেলতে বড় শট খেলতে গিয়ে মিড-অনে শামার জোসেফের হাতে ক্যাচ দেন তিনি। প্রথম ইনিংসে ৪২ রান করা হৃদয় এবার ফিরেছেন শূন্য রানে। সাদমান ও হৃদয়কে একই ওভারে হারানোর পর এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানেন চেজ। তার গুড লেন্থের বলটি টার্ন না করেই লেগ স্টাম্পের দিকে চলে যায়। ডিফেন্ড করতে গিয়ে বলের লাইনে ব্যাট রাখতে পারেননি শান্ত। ক্যারিবীয়দের আবেদনে আম্পায়ার স্যাম নোগাজস্কি আঙুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ৩৭ বলে ১০ রান করে ফিরেছেন তিনি। ফলে একদিকে চোটের ধাক্কা, অন্যদিকে ব্যাটিং বিপর্যয়—দুইয়ে মিলে ঢাকা টেস্টে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ।