
২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ ফুটবল দল খেল ধাক্কা। বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে জাতীয় দলে আসা প্রবাসী তারকা রোনান সুলিভানকে চোটের কারণে পাওয়া যাচ্ছে না। তবে আনুষ্ঠানিকভাবে রোনানের চোটের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও কিছু জানায়নি। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন, 'চোটের কারণে রোনান আসছে না। বাফুফে অফিস থেকে তার টিকিট বাতিলের খবর আমাকে জানানো হয়েছে।' চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের। অনূর্ধ্ব-২০ পর্যায়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে জাতীয় দলের যে পরিকল্পনা ছিল, তা এখন নতুন করে সাজাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে প্রথম ম্যাচে না পাওয়া, তার ওপর রোনানের ছিটকে যাওয়া যেন বাংলাদেশের বাড়তি চাপ।
রোনানকে নিয়ে বাংলাদেশের আগ্রহের কারণও স্পষ্ট। গত বছর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। তার পারফরম্যান্স নজর কেড়েছিল জাতীয় দলের কোচিং স্টাফের। সেই সুবাদে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পান এই ফরোয়ার্ড। কিন্তু কলেজের ব্যস্ততা ও ছুটির অনুমতি নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে যখন তার বাংলাদেশে আসার পথ তৈরি হলো, তখনই বাধা হয়ে দাঁড়াল চোট। গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রোনানের। ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে থাকার অনুমতিও পেয়েছিলেন তিনি। বাফুফে তার বিমানের টিকিটও বুক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে যাত্রা বাতিল করতে হয়েছে। জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামার স্বপ্ন পূরণে আরও অপেক্ষা করতে হচ্ছে তাকে!
রোনানের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বাংলাদেশের আক্রমণভাগে। কারণ, একজন কার্যকর স্ট্রাইকারের অভাব দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে দলকে। প্রতিপক্ষের রক্ষণ ভাঙা কিংবা পাওয়া সুযোগকে গোলে রূপ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতার ঘাটতি রয়েছে। রোনানকে নিয়ে ডুলির আলাদা পরিকল্পনা ছিল। এখন তার জায়গায় কাকে ব্যবহার করা হবে, সেটিই বড় প্রশ্ন।
এর মধ্যে দলের অন্য ফুটবলারদের ফিটনেস নিয়েও পুরোপুরি নিশ্চিন্ত নন কোচ। বিশ্বনাথ ঘোষ এখনও শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে অনুশীলনে ফিরেছেন মোরসালিন। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামেরও দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষা রয়েছে। অন্যদিকে হামজা ও ফারহানকে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন না ডুলি। ৫ নভেম্বর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল আর ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলা হওয়ায় প্রত্যাশার চাপও থাকবে বেশি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের অনুপস্থিতি ও চোটের সমস্যা কোচের কাজ কঠিন করে তুলেছে।
এখন ডুলির সামনে সবচেয়ে বড় কাজ হলো হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে কার্যকর আক্রমণভাগ তৈরি করা। রোনানকে না পাওয়া নিঃসন্দেহে হতাশার, তবে সেই শূন্যতা কতটা ভালোভাবে পূরণ করতে পারে দল, তার ওপরই নির্ভর করবে সাফে বাংলাদেশের শুরুর পথ! যুক্তরাষ্ট্রে নিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আপাতত জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে না উঠতি এই তারকার। তবে রোনানের এই চোটকে তার স্বপ্নের শেষ হিসেবে দেখতে চান না বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন রোনান। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, 'এটা সত্যি যে, শেষ ম্যাচে সে চোট পেয়েছে। এ কারণে আগামী তিন সপ্তাহ খেলতে পারবে না।'