লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মারুফা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাথি রানি। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন টপ-অর্ডার ব্যাটার। এছাড়া লম্বা সময় পর ডাক পেলেন অফস্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনাও। তবে এই দলে নেই মূল স্ট্রাইক বোলার মারুফা আক্তার। চোট তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে লম্বা সময়ের জন্য। আইসিসির উইমেন'স ইমার্জিং নেশন্স ট্রফির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে বিসিবি। সাথি ও সুমনা ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস। সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নম্বর শুরু হবে ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর। গত বছর আইসিসির ৮ সহযোগী সদস্য দেশের অংশগ্রহণে হয়েছিল প্রথম আসর। তবে এবার পাঁচটি পূর্ণ সদস্য দেশের সঙ্গে অংশ নেবে পাঁচটি সহযোগী সদস্য দেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। 'এ' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিএনজি ও সংযুক্ত আরব আমিরাত। আইসিসির নির্দেশনা অনুযায়ী, মূল জাতীয় দল নিয়েই খেলতে যাবে পূর্ণ সদস্য দেশগুলো। এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে নাহিদা আক্তারের। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর এই সংস্করণে নেতৃত্ব ছেড়ে দেন নিগার সুলতানা।