
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল বাংলাদেশ। সেই দলই হঠাৎ যেন পথ হারিয়েছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে সবশেষ দুই টেস্টে জয়হীন থাকতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। মাঠের এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও প্রধান কোচ ফিল সিমন্সের দাবি, অনুশীলনে পরিশ্রমের কোনো কমতি নেই। সমস্যা হচ্ছে, সেই পরিশ্রমের প্রতিফলন দেখা যাচ্ছে না ম্যাচে! আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয়ের যথেষ্ট সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। এরপর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। নিজেদের চেনা কন্ডিশনের সুবিধা নিতে স্পিনসহায়ক উইকেট তৈরি করেও ক্যারিবীয়দের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকেরা। আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে নয়বার খেলা বন্ধ হওয়ার পরও সাড়ে তিন দিনের মধ্যে ৮ উইকেটে হারতে হয় বাংলাদেশকে। এমন দু'টি ফলাফলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও কঠিন হয়ে পড়েছে। ক্ষীণ সম্ভাবনাটুকু টিকিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। আগামীকাল বৃহস্পতিবার সিলেটে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স।