শুরুতে ঝড়, পরে নীরবতা বাংলাদেশের ছন্দপতন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দিনের শুরুতে যে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, দ্বিতীয় সেশনে সেই চিত্রটাই পাল্টে দিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ক্যারিবীয়রা আমির জাঙ্গো ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে। দুজনের ১৩১ রানের জুটি ভাঙলেও দ্বিতীয় সেশনের বাকি সময়টা ছিল সফরকারীদের দখলে। গতকাল সিলেট টেস্টের প্রথম দিনে চা-বিরতিতে ৪ উইকেটে ১৮০ রান নিয়ে বেশ ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।

সকালের সেশনে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পেস আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ক্যারিবীয় ব্যাটিং। মাত্র ২৭ রানেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে দলটি। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন জাঙ্গো ও উইকহ্যাম। ধৈর্য আর আক্রমণের মিশেলে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন তারা। চতুর্থ উইকেটে গড়ে তোলেন ১৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি।

অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন উইকহ্যাম। অভিজ্ঞ জাঙ্গোর সঙ্গে তাল মিলিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। শেষ পর্যন্ত ১৪৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৬১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি। সুইং করে ভেতরে ঢোকা বলটি ব্যাটে লাগাতে ব্যর্থ হন এই ডানহাতি ব্যাটার। তাতেই ভাঙে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার জুটি। তবে উইকহ্যামের বিদায়ে খুব বেশি স্বস্তি ফেরেনি স্বাগতিক শিবিরে। কারণ, অন্য প্রান্তে তখনও জমে গেছেন জাঙ্গো। একবার জীবন পেয়েও সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংসের পথে এগোচ্ছেন তিনি। চা-বিরতিতে ১২৪ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত ছিলেন এই ব্যাটার। তার ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছক্কা। শেষ সেশনে তার সঙ্গে যোগ দেন ১৬ রান করা জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের বোলিং পরিকল্পনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সিলেটের উইকেটে সাধারণত তিন পেসার নিয়ে খেলার প্রবণতা থাকলেও এবার দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। অথচ ম্যাচের চিত্র বলছে, কার্যকর ভূমিকা রাখছেন মূলত তাসকিন ও হাসান। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। অন্যদিকে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও বাকি স্পিন আক্রমণ প্রতিপক্ষের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি। দ্বিতীয় সেশনে ২৯ ওভার বোলিং করে মাত্র একটি উইকেট পেয়েছে বাংলাদেশ। বিপরীতে ৯৪ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে যে আক্রমণাত্মক অবস্থানে ছিল স্বাগতিকরা, এখন সেখানে ফিরে আসতে হলে শেষ সেশনে দ্রুত উইকেট প্রয়োজন।

সিলেট টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। কিন্তু প্রথম সেশনের উজ্জ্বল সূচনার পর দ্বিতীয় সেশনের এই ছন্দপতন দলকে নতুন পরীক্ষার মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, জাঙ্গোর উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের আবারও চাপে ফেলতে পারেন কি না বাংলাদেশের বোলাররা।

সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৫ ওভারে ১৮০/৪ (জাঙ্গু ৭৬*, উইকহ্যাম ৬১, গ্রিভস ১৬*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৫২, হাসান ২/৫৮, মিরাজ ০/২৬, তাইজুল ০/২৬, নাঈম ০/১৭)।