অধিনায়কত্ব হারানোর পর শুরুর একাদশে জামাল

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন নিয়মিত অধিনায়ক ছিলেন জামাল ভূইয়া। অধিনায়ক থাকলেও গত কয়েক মাসে বেশিরভাগ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না, এমনকি অনেক ম্যাচে মাঠেই নামা হতো না। নেতৃত্ব হারানোর পর আজই প্রথম মাঠে নামবেন তিনি। এ ম্যাচের শুরুর একাদশে আছেন জামাল। গোলরক্ষক পজিশনে মেহেদী হাসান শ্রাবণের ওপর আস্থা রেখেছেন ডুলি। অধিনায়ক তপু বর্মণের সঙ্গে ডিফেন্সে থাকছেন জিদান ইউসুফ। ইন্দোনেশিয়া আসিয়ান কাপে শৃঙ্খলা নিয়ে অভিযোগ উঠা সাদ উদ্দিনের ওপর কোচ ভরসা রেখেছেন। জায়ান আহমেদও রয়েছেন ডিফেন্স লাইনে। বিশ্বনাথ ঘোষকে ফরোয়ার্ড পজিশনে অনুশীলন করিয়েছেন গত কয়েক দিন। এই ম্যাচে তার পজিশন নিয়ে একটু কৌতুহল রয়েছে। যদিও খেলোয়াড় তালিকায় ডিফেন্ডার হিসেবেই রয়েছেন। তবে কোচ তাকে ফরোয়ার্ড পজিশনে খেলালে অবাক হওয়ার থাকবে না। আক্রমণভাগে বাংলাদেশের চালিকাশক্তি মূলত সামিত সোম ও রাকিব হোসেন।