'বেলিংহ্যামের মতো মিডফিল্ডার বিশ্বে আর নেই'
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
পরিপূর্ণ মিডফিল্ডার হিসেবে স্তুতি পাওয়া জুড বেলিংহ্যামের জন্য নতুন কিছু নয়। এবার তাকে সর্বোচ্চ প্রশংসাতেই ভাসালেন জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচ বললেন, বেলিংহ্যামের মতো সব দিক থেকে এতটা পরিপূর্ণ মিডফিল্ডার গোটা বিশ্বেই আর দেখেন না তিনি।
মিডফিল্ডার হিসেবে নিজের মান ম্যাচের পর ম্যাচ ধরেই মেলে ধরছেন বেলিংহ্যাম। গোল তৈরি করা, গোল করা, মাঠজুড়ে দাপিয়ে বেড়ানো, রক্ষণে ভূমিকা রাখা, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া, ডিফেন্স ভেদ করে নান্দনিক সব পাস দেওয়া, কোনো দিকেই যেন কোনো ঘাটতি নেই তার। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার এইকে এথেন্সের বিপক্ষে ম্যাচেও দেখা গেছে তার সেই রূপ। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলার পাশাপাশি দারুণ একটি গোলও করেন বেলিংহ্যাম। দ্বাদশ মিনিটে পিছিয়ে পড়া রেয়াল ৩২তম মিনিটে সমতায় ফেরে ইংলিশ তারকার দৃষ্টিনন্দন গোলে। পরে ৭৫তম মিনিটে আবার পিছিয়ে পড়া দলটি শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় কিলিয়ান এমবাপের গোল ও শেষ সময়ে ফেভে ভালভের্দের অসাধারণ গোলে। শেষের নায়ক ভালভের্দে হলেও ম্যাচের নায়ক বেলিংহ্যাম। ম্যাচসেরার ট্রফি তার হাতেই উঠেছে। ম্যাচের পর ২৩ বছর বয়সী ফুটবলারকে নিয়ে মুগ্ধতার কথা বলতে গিয়ে যেন উপযুক্ত ভাষা পাচ্ছিলেন না মরিনিয়ো।
"সে অনন্য এক ফুটবলার। তার মতো মিডফিল্ডার বিশ্বের নেই, যে সব দিক থেকেই এত পরিপূর্ণ। আমি ভাষা হারিয়ে ফেলেছি, কারণ আমার কাছে সে একেবারেই অসাধারণ।
