ইন্টার ক্লাব স্পিড স্কেটিং
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
তরুণ প্রজন্মের মধ্যে রোলার স্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ানো এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ইন্টার ক্লাব স্পিড স্কেটিং প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে সাড়ে তিন শতাধিক খুদে স্কেটার। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় এবং শহীদ বুদ্ধিজীবী রোলার স্কেটিং ক্লাবের উদ্যোগে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাবের খুদে স্কেটাররা নিজেদের গতি ও দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে রোলার স্কেটিংয়ের প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি প্রতিভাবান স্কেটারদের খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
