এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

এক বলে ৭ রান, এক বলে ২০ রান। ক্রিকেটে এমন অবিশ্বাস্য ঘটনার নজির আছে। এমনকি কোনো দল ৩ রান কিংবা শূন্য রানেই অলআউট হয়ে যাওয়ার ঘটনাও ক্রিকেটের বিচিত্র ইতিহাসের অংশ। কিন্তু এক বলে ২৮৬ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটের পুরোনো এক কিংবদন্তিতে আছে এমনই এক ঘটনার গল্প। তবে সেটি সত্যি, নাকি নিছক কল্পকাহিনি। তার নির্ভরযোগ্য প্রমাণ আজও মেলেনি। এক বলে ২৮৬ রানের এই অদ্ভুত গল্পের সূত্র হিসেবে উল্লেখ করা হয় লন্ডনভিত্তিক ইংরেজি সংবাদপত্র পল মল গেজেট-এর নাম। ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি পত্রিকাটির 'স্পোর্টিং নোটস অ্যান্ড নিউজ' বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের বানবুরিতে ভিক্টোরিয়া দল ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া একটি একাদশের মধ্যে ম্যাচটি হয়েছিল। ওই অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলটি ব্যাটে লেগে মাঠের ভেতরে থাকা একটি বিশাল গাছের ডালে আটকে যায়। এরপরই শুরু হয় অবিশ্বাস্য কাণ্ড। স্বাগতিক দল বল হারিয়ে গেছে দাবি করে আবেদন জানায়। কিন্তু আম্পায়াররা বলটি ঠিক কোথায় আটকে আছে, তা দেখতে পাচ্ছিলেন। ফলে বলটিকে 'হারানো' ঘোষণা করতে রাজি হননি তারা। অগত্যা ভিক্টোরিয়ার ব্যাটাররা উইকেটের মধ্যে দৌড়াতে শুরু করেন। এদিকে গাছ থেকে বল নামানোর উপায় খুঁজতে থাকেন সংশ্লিষ্টরা। প্রথমে গাছ কাটার জন্য কুড়াল আনার চেষ্টা করা হয়। কিন্তু কুড়াল জোগাড় করা সম্ভব হয়নি। ততক্ষণে ব্যাটারদের দৌড় চলছেই।

এরপর বলটি নামাতে একটি রাইফেল নিয়ে আসা হয়। বেশ কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর অবশেষে গুলিতে বলটি ডাল থেকে নিচে পড়ে। আশ্চর্যের বিষয়, কিংবদন্তির গল্প অনুযায়ী, মাটিতে পড়ার আগে বলটি কেউ ধরতে পারেননি। ততক্ষণে ব্যাটাররা দৌড়ে ২৮৬ রান তুলে ফেলেছেন! এক বল থেকে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ার গল্পটি সেখানেই তৈরি হয়।

গল্পে আরও বলা হয়, এরপরই ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ফলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত ইনিংসের সমাপ্তি ঘটে। আর কিংবদন্তি সত্যি হলে, ম্যাচটিও জিতে যায় ভিক্টোরিয়া।