এক বছর পর ফিরেই বাজিমাত ইব্রাহিমের
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মোহাম্মদ ইব্রাহিম। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র চার মিনিটের ব্যবধানে গোল করে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের স্বাদ এনে দিয়েছেন এই ফরোয়ার্ড। গত বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের ৬৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিম। এরপর ৬৯ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান তিনি। জাতীয় দলের হয়ে এটি তার পঞ্চম আন্তর্জাতিক গোল।
গত বছরের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ইব্রাহিমকে। গত সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের চূড়ান্ত দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যান এই ফরোয়ার্ড। এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাইয়ে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ফর্টিজ এফসির হয়ে গোল করে দলকে পরের রাউন্ডে তুলতেও ভূমিকা রাখেন। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফিরে গোল করতে পেরে উচ্ছ্বসিত ইব্রাহিম। তিনি বলেন, এত দিন পর জাতীয় দলে ফিরে গোল করতে পারা তার জন্য বিশেষ কিছু। সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে পেরে সন্তুষ্ট। তবে জয়ের পরও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ইব্রাহিম। তার মতে, ভুটানের বিপক্ষে আরও ভালো খেলা উচিত ছিল বাংলাদেশের। সমর্থকদের আরও আনন্দ দিতে বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল বলেও মনে করেন তিনি। এদিকে ইব্রাহিমের গোলটিকে কিছুটা অপ্রত্যাশিত বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। তাকে মূলত বল ধরে রাখা এবং আক্রমণ গড়ে তোলার কাজে সহায়তার জন্য মাঠে নামিয়েছিলেন কোচ। তার পরিকল্পনা ছিল, ইব্রাহিমকে ১০ নম্বর পজিশনে খেলিয়ে সামিত সোমকে সামনে তুলে দেওয়া। কিন্তু শেষ পর্যন্তু গোল করে ম্যাচের ভাগ্যই বদলে দেন ইব্রাহিম। ডুলি বলেন, ইব্রাহিমের কাছ থেকে সরাসরি গোলের প্রত্যাশা করেননি তিনি। বরং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করবে, এমনটাই ভেবেছিলেন।
