হামজা ও ফারহান আসছেন সোমবার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ রোববার বা সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসবেন, যোগ দেবেন ক্যাম্পে। শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতিতে নেমে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করলেন, আগামী সোমবার আসছেন এই দুই প্রবাসী ফুটবলার।
এই দুজনের অনুপস্থিতিতেই ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল। ফিফা উইন্ডো না থাকায় এবং ক্লাবের ব্যস্ততায় হামজা ও ফারহানকে ছাড়েনি তাদের ক্লাব। ফলে দুজনে খেলতে পারেননি ভুটানের বিপক্ষে ম্যাচটি। লম্বা ভ্রমণ শেষে সোমবার ঢাকায় এসে তারা ওই দিনই অনুশীলন শুরু করবেন বলে জানালেন টিম ম্যানেজার। "এখন আমাদের স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় আছে। বাকি যে দুইজন হামজা ও ফারহান ফিফা উইন্ডোর জন্য আসতে পারে নাই। আগামী পরশু, ৯ তারিখ ঢাকায় আসবে, ইনশাল্লাহ। আপনারা আগামী ৯ তারিখে প্র্যাকটিসে এলেই তাদেরকে দেখতে পারবেন। "তারা কিন্তু অনেক আরামেই আসবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু তারা সকালে আসবে আর আমাদের প্র্যাকটিসটা হবে বিকালে, সেক্ষেত্রে তারা সারাদিন যদি বিশ্রাম নিয়ে, কোচের সাথে পরামর্শ করে, কোচ যদি মনে করেন, তারা অনুশীলর করবে এবং তারা যদি রাজি থাকে অনুশীলন করার ব্যাপারে, তাহলে তারা অবশ্যই আসবে। প্র্যাকটিস করুক আর না করুক, আমার দৃঢ় বিশ্বাস তারা মাঠে আসবে।
