মেসির ঐতিহাসিক জার্সি পাচ্ছেন কে?

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে ১০ নম্বর মানেই আলাদা এক আবেগ, আলাদা এক ইতিহাস। দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি-এই জার্সি গায়ে জড়িয়ে ফুটবল বিশ্ব শাসন করেছেন দুই কিংবদন্তি। এবার মেসির অধ্যায় শেষ হওয়ার পর নতুন করে সামনে এসেছে পুরোনো প্রশ্ন, কে হবেন পরবর্তী ১০ নম্বর? উত্তর খুঁজতে গিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক তরুণের নাম-নিকো পাজ।

মাত্র ২২ বছর বয়সেই আর্জেন্টিনার ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন কোমোর এই মিডফিল্ডার। ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলেও দেখিয়েছেন নিজের সামর্থ্য। ফলে অভিজ্ঞ তারকাদের ভিড়ে তাকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে। সতীর্থদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যেও মিলছে সেই ইঙ্গিত।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের একটি মন্তব্য এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পাজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, 'নতুন ১০ নম্বর?' সতীর্থ রদ্রিগো ডি পলও তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। লিখেছেন, 'পাস দাও, বস, আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম।' শুধু তাই নয়, ভ্যালেনতিন বারকোও প্রকাশ্যে জানিয়েছেন, পাজকে ১০ নম্বর জার্সিতে দেখতে চান তিনি।

তবে এই আলোচনার পেছনে শুধু সতীর্থদের সমর্থন নয়, রয়েছে মেসির নিজের স্বীকৃতিও। ২০২৪ সালে পাজের সঙ্গে জাতীয় দলে খেলার পর তরুণ এই ফুটবলারের প্রশংসা করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার মতে, পাজের মধ্যে দুর্দান্ত গুণ রয়েছে, খেলা বোঝার ক্ষমতাও অসাধারণ। বয়সের তুলনায় তার মানসিক পরিপক্বতাও মুগ্ধ করেছিল মেসিকে।

অবশ্য জার্সিটি কার গায়ে উঠবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পরও ঐতিহাসিক নম্বরটি কাউকে দিতে তাড়াহুড়ো করছেন না তিনি। আগামী আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোতেও ১০ নম্বর জার্সি ফাঁকা রাখার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। উত্তরসূরি বেছে নিতে আরও কিছুটা সময় নিতে চান কোচ।

পাজের পাশাপাশি আলোচনায় রয়েছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজের মতো অভিজ্ঞ ফুটবলাররা। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও একসময় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পাজের পারফরম্যান্স এবং সতীর্থদের সমর্থন তাকে আলোচনায় এগিয়ে রেখেছে। এদিকে নিজের নামের পাশে মেসির উত্তরসূরি তকমা লাগাতে নারাজ পাজ। কিংবদন্তির কাছ থেকে শেখার সুযোগকেই বড় করে দেখছেন তিনি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, 'মেসির মতো খেলোয়াড়ের সঙ্গে যখন আপনি থাকবেন, তখন চোখের সামনে যা দেখবেন তা থেকেই শেখার চেষ্টা করবেন। আমি প্রতিটি ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করি।' আসলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া মানে শুধু একজন খেলোয়াড়কে একটি নম্বর বরাদ্দ করা নয়, বরং বিশাল এক ঐতিহ্যের দায়িত্ব তুলে দেওয়া।