হৃদয় দ্রুত পরিপক্ব হচ্ছে : সিমন্স

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। অপরাজিত ২৪২ রান করে হৃদয় শুধু বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডই গড়েননি, প্রথম ইনিংসে ৩০ রানের অপ্রত্যাশিত লিডও পাইয়ে দেন স্বাগতিকদের। গতকাল শনিবার সকালে এক পর্যায়ে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে ছিল বাংলাদেশ। তার ওপর আগের দিন ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পাওয়ায় আর ব্যাটিংয়ে নামতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ফলে তখন ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে বড় লিড পাওয়ার অপেক্ষায় ছিল সফরকারীরা। তবে সব হিসাবনিকাশ পাল্টে দেন তরুন ডানহাতি ব্যাটার হৃদয়। ৩৫৯ বলের মহাকাব্যিক ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রানে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে গড়েন দুটি গুরুত্বপূর্ণ জুটি।