প্রথম বিভাগ হকিতে ঢাকা ইউনাইটেড চ্যাম্পিয়ন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথম বিভাগ হকি লিগের শিরোপা জিতেছে হকি ঢাকা ইউনাইটেড। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেছে দলটি। ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। গতকাল রোববার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে লিগের শেষ দিনের ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রথম বিভাগ হকি লিগের পুরস্কার বিতরণের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় 'অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬'-এর তৃতীয় ধাপের গোলকিপার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন ২২টি জেলা থেকে বাছাই করা ২৪ জন নারী গোলকিপার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব জেনারেল সার্ভিস মেজর জেনারেল (অব.) মো. আমিন আকবর এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার রামিছা তাবাসসুম চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।