সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
হৃদয়ের ইতিহাস, মুশফিকের প্রতিরোধে সিলেট টেস্ট ড্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ঢাকা থেকে সিলেটে পাড়ি জমিয়েও খুব একটা পরিবর্তন হলো না দেশের ক্রিকেটের ভাগ্য। তাওহীদ হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের প্রতিরোধে বাংলাদেশ হার এড়িয়ে ড্র মানলেও সিরিজ গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরেই। তবে ফলাফলের খাতায় ড্র লেখা থাকলেও বাংলাদেশের জন্য দিনটি একেবারে প্রাপ্তিহীন নয়। বরং ব্যক্তিগত অর্জন আর লড়াকু ব্যাটিংয়ে আজ পঞ্চম দিনটিকে স্মরণীয় করে রাখলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। বিশেষ করে হৃদয় যেন এই টেস্টকে নিজের করে নিয়েছেন। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৮২ রানের দায়িত্বশীল ইনিংস। অল্পের জন্য হাতছাড়া হয়েছে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির বিরল কীর্তি।
৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনেই ফিরে যান দুই ওপেনার। জোমেল ওয়ারিক্যানের বলে ২১ রান করে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর মধ্যাহ্নবিরতির ঠিক আগে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই উইকেটেই তখন বাংলাদেশের জয়ের স্বপ্নে জমেছিল শঙ্কার মেঘ। সেই মেঘ সরানোর দায়িত্ব নেন হৃদয় ও মুশফিক। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেলে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন দুজন। মুশফিক এক প্রান্তে উইকেট আগলে রাখেন, অন্য প্রান্তে হৃদয় সুযোগ বুঝে আক্রমণ চালান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে যোগ করেন ১১৩ রান। তৃতীয় উইকেটে তাদের ১৩৫ রানের জুটি ম্যাচটিকে নিয়ে যায় নতুন এক সমীকরণে।
হৃদয়ের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, মুশফিকের ব্যাটিংয়ে ছিল ধৈর্যের পরীক্ষা। কিন্তু ৮২ রানে এসে থামতে হয় হৃদয়কে। ওয়ারিক্যানের বলে সুইপ করতে গিয়ে লেগ স্টাম্পের বেলস পড়ে যাওয়ার পরও প্রথমে যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের বিদায়। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়ার সুযোগটি এভাবেই হাতছাড়া হয় তার। এরপর বাংলাদেশের আশার প্রতীক হয়ে ছিলেন মুশফিক। ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছে গিয়েও থামতে হয় তাকে। শামার জোসেফের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে করেন ৪৯ রান। তাতে আক্ষেপের সঙ্গে যোগ হয় আরও একটি প্রশ্ন-এই জুটি আর কিছুক্ষণ টিকে থাকলে ম্যাচের চিত্র কি অন্য রকম হতে পারত? ব্যক্তিগত মাইলফলক হাতছাড়া হলেও রেকর্ডের খাতায় অবশ্য দুজনের নাম লেখা হয়ে গেছে। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। পেছনে ফেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের করা ২৮১ রান। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা বাংলাদেশের প্রথম ব্যাটারও এখন তিনি। অন্যদিকে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
বাংলাদেশের লড়াইয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজও পঞ্চম দিনে নিজেদের অবস্থান শক্ত করেছিল। আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারীরা। কাভেম হজের ১৪২ রানের ইনিংসের পর নাঈম হাসানের বলে তার বিদায় ঘটে। জাস্টিন গ্রিভসকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরে শামার জোসেফকে তুলে নিয়ে নিজের দ্বিতীয় উইকেট পান নাঈম। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা চালান জশুয়া বিশপ। ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলার পর ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু অপরাজিত থাকেন ৩৯ রানে। জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের সামনে তখন কঠিন সমীকরণ। কিন্তু হৃদয়-মুশফিকের ব্যাটে সেই সমীকরণ অন্তত কিছুটা সহজ হয়ে উঠেছিল। ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ করেন আম্পায়াররা। বিকেল চারটায় মাঠের আলো পর্যবেক্ষণ করে খেলা শুরুর সম্ভাবনা যাচাইয়ের কথা থাকলেও তার আগেই দুই অধিনায়ক ম্যাচের সমাপ্তি মেনে নেন। ফলে শেষ দিনের বাকি সময়টুকু আর ক্রিকেটে রাঙানো হয়নি।
এই ড্র বাংলাদেশের জন্য আরেকটি পরিসংখ্যানগত প্রাপ্তিও এনে দিয়েছে। দেশের মাটিতে ২০২২ সালের পর এই প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ। কিন্তু সিরিজের হিসাব বলছে, সেই স্বস্তি পূর্ণতা পাচ্ছে না। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাওহিদ হৃদয়ের হাতে। দুই ইনিংসে ২৪২ ও ৮২ রান করে তিনিই ছিলেন ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুখ। সিরিজসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান, যিনি দুই টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ড্র, তাতে আরেকটু ধূসর হলো বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর যে বাংলাদেশের প্রায় ১০ পয়েন্ট কমে গেছে। তবে এখনো বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আছে পাঁচে। বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩), অস্ট্রেলিয়া (৬৯.২৩) ও ভারত (৫১.৫২)।
