ইতিহাস গড়ে সাত হাজারি ক্লাবে মুশফিক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ব্যাট হাতে সেদিন কোনো বড় ইনিংসের অপেক্ষা ছিল না, ছিল মাত্র ৯ রানের হিসাব! সেই ছোট্ট লক্ষ্য পূরণ করেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নামকে আরও উঁচুতে নিয়ে গেলেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে গতকাল সোমবার একটি সিঙ্গেল তাকে পৌঁছে দিল এমন এক উচ্চতায়, যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যেতে পারেননি। টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ৫৯তম ব্যাটসম্যান হিসেবে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে জোমেল ওয়ারিক্যানের বল মিড অনের দিকে ঠেলে দিয়ে প্রয়োজনীয় রানটি তুলে নেন মুশফিক। ছোট্ট করে হাত তুলে সতীর্থ ও দর্শকদের অভিনন্দনের জবাব দেন। বড় কোনো উদযাপন ছিল না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য মুহূর্তটি ছিল অসাধারণ। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর দীর্ঘ ২১ বছরের পথচলায় এভাবেই আরেকটি ইতিহাস লিখলেন তিনি। সিলেট টেস্ট শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করে মাইলফলকের আরও কাছে পৌঁছালেও শেষ পর্যন্ত অপেক্ষা বাড়ে। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। দেখেশুনে ব্যাটিং করে সেই লক্ষ্য পূরণ করেন তিনি। সব মিলিয়ে ১০৭ টেস্টের ১৯৭ ইনিংসে তার সংগ্রহ সাত হাজারের বেশি রান। মুশফিকের এই অর্জনের বিশেষত্ব শুধু সংখ্যায় নয়, ধারাবাহিকতায়ও। দীর্ঘ ক্যারিয়ারে ৩৯.১০ গড়ে রান করেছেন তিনি। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। এমনকি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংসের হিসাবেও সবার ওপরে রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

পরিসংখ্যানের বিচারে তার ধারেকাছেও নেই বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় অবস্থানে থাকা মুমিনুল হকের সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। তামিম ইকবাল করেছেন ৫ হাজার ১৩৪ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত হাজার রানের সীমা ছোঁয়ার অপেক্ষা এখনো অন্যদের জন্য অনেক দূরের পথ। এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আরেকটি উল্লেখযোগ্য অর্জনও যুক্ত হয়েছে মুশফিকের নামের পাশে। সাত হাজার রানের পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে, যার টেস্ট রান ৬ হাজার ৯৯৬।