পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব হারানোর কয়েক মাসের মধ্যেই নতুন ভূমিকায় দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুলকে। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও কোচিং কার্যক্রমের মানোন্নয়নে কাজ করবেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে আমিনুলের কাজের পরিধিও বেশ বিস্তৃত। হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং পদ্ধতির উন্নয়ন এবং প্রতিভাবান তরুণদের ভবিষ্যৎ পথ তৈরি করতে পরামর্শ দেবেন তিনি। মাঠের ক্রিকেটের বাইরেও খেলোয়াড় তৈরির যে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, সেটিকে আরও কার্যকর করে তোলাই হবে তার অন্যতম কাজ। এ দায়িত্ব পালনে আমিনুলের অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় কাটানোর পাশাপাশি ক্রিকেট উন্নয়ন ও প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন তিনি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
