ফারহানের পায়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখন উল্লাসের ঢেউ! বাংলাদেশের আক্রমণভাগের এক তরুণ বল পায়ে ছুটছেন প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে। সামনে একের পর এক বাধা, দুই পাশ থেকে তাকে ঘিরে ধরার চেষ্টা শ্রীলঙ্কার ডিফেন্ডারদের। কিন্তু বলের ওপর নিয়ন্ত্রণ হারালেন না তিনি। কখনো ডান পা, কখনো বাঁ পায়ের নিপুণ স্পর্শে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে গেলেন। এরপর নিখুঁত শট।
বল জালে, গ্যালারিতে উচ্ছ্বাস, আর সতীর্থদের চোখেমুখে অবিশ্বাস। নাম তার ফারহান আলী ওয়াহিদ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গতরাতে বাংলাদেশের ৪-০ গোলের জয়ের রাতে একটি গোল করেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে গোলটির ভিডিওর ক্যাপশন ছিল এক শব্দের-'ম্যাজিক'। শব্দটি যেন গোলটির সৌন্দর্য বোঝানোর জন্য যথেষ্ট।
তবে এই জাদুর আবেদন শুধু একটি গোলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুলনা। কেউ ফারহানকে বলছেন 'মেসি' কেউ নামের মাঝখান বাদ দিয়ে লিখছেন ফারহান 'মেসি'। আবার কারও চোখে তিনি ফারহান জুনিয়র, নেইমারের আদলে এক তরুণ।
বাংলাদেশের ফুটবলে এমন তুলনা নতুন নয়, তবে এবার তুলনার উপলক্ষটি এসেছে নিজেদের একজনের পা থেকে। ইউরোপিয়ান ফুটবলে মেসি, নেইমার কিংবা রোনালদোর ড্রিবলিং দেখে অভ্যস্ত বাংলাদেশের দর্শকেরা। তাদের গোলের ভিডিও নিয়ে আলোচনা, তর্ক কিংবা প্রশংসায় মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। কিন্তু নিজেদের জাতীয় দলের কোনো ফুটবলারের গোল দেখে একই রকম উন্মাদনায় ভেসে যাওয়ার সুযোগ সচরাচর আসে না। ফারহান সেই সুযোগটাই করে দিয়েছেন।
গোলটির সৌন্দর্য বুঝতে হলে ফিরে যেতে হবে ম্যাচের সেই মুহূর্তে। বাঁ প্রান্তে শমিত সোমের কাছ থেকে বল পেয়ে ফারহান এগিয়ে যান বক্সের দিকে। সামনে জায়গা বন্ধ করতে এগিয়ে আসেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। চাইলে সেখান থেকে ক্রস করতে পারতেন। কিন্তু তার পরিকল্পনা ছিল অন্য। বল পায়ে গতি বাড়িয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায়। দুই দিক থেকে তাকে ঘিরে ধরেন দুই ডিফেন্ডার। ঠিক তখনই ফুটবলের পুরোনো লাতিন কৌশল ইনসাইড-আউটসাইড ডজের প্রয়োগ। বুটের ভেতরের অংশের ছোট্ট স্পর্শে প্রতিপক্ষকে ভুল পথে পাঠিয়ে বল বের করে নেন ফারহান। দুই ডিফেন্ডারের মাঝখানের সামান্য ফাঁকটুকু কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান। এরপর আরেকজনের বাধা পেরিয়ে শট। গোলটি হয়ে যায় বাংলাদেশের রাতের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
গোলটির পর সতীর্থ হামজা চৌধুরীর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যও কম আলোচিত হয়নি। এমন গোলের পর বিস্ময় প্রকাশ করার কারণ খুঁজতে হয় না। বাংলাদেশের কোচ টমাস ডুলিও যেন নিজের মুগ্ধতা লুকাতে পারেননি। ফারহানের গোল নিয়ে তার প্রতিক্রিয়া, 'কী গোলটাই না করল ফারহান!' শুধু প্রশংসা করেই থেমে থাকেননি ডুলি। বিরতির সময় ফারহানকে দেওয়া নিজের পরামর্শও জানিয়ে দিয়েছেন। কোচ বলেন, 'বিরতিতে আমি তাকে বলেছিলাম, নিজের গোলপোস্টের কাছে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সের দিকে যেতে। সে সেটাই করেছে। কয়েকজনকে কাটিয়ে গোল করা সহজ নয়। ফারহান অসাধারণ করেছে।'
ফারহানের আত্মবিশ্বাসের গল্পটিও গোলটির মতোই আকর্ষণীয়। ম্যাচ শেষে নিজের গোলের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, বক্সে ঢোকার সময় তার মাথায় ছিল নির্দিষ্ট পরিকল্পনা। ডিফেন্ডারদের ভয় পাওয়ার বদলে তাদের কাটিয়ে শট নেওয়াই ছিল লক্ষ্য। নিজের সেই ভাবনা জানিয়ে ফারহান বলেন, 'যখনই আমি ওই জায়গাটার দিকে বল পেলাম, ওটাই মূলত আমার খেলার পছন্দের জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি জানি ডি-বক্সে আমাকে ছোঁয়া যাবে না, আর স্পর্শ করলেই সেটা পেনাল্টি হবে। তাই হ্যাঁ, মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল-মার্কারকে কাটিয়ে শট নেওয়া। আর হ্যাঁ, সেটাই হয়েছে। ঘরের মাটিতে অভিষেকে নিজের প্রথম গোলটি পেয়ে আমি সত্যিই আনন্দিত।' বাংলাদেশের জার্সিতে এর আগেও গোল করেছেন ফারহান। তবে জাতীয় স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচেই এমন গোল করে স্মরণীয় হয়ে থাকলেন তিনি। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের জন্য মুহূর্তটি ছিল বিশেষ। দেশের মাটিতে প্রথমবার খেলতে নামার আগে জাতীয় স্টেডিয়ামের মাটি ছুঁয়ে দেখার ঘটনাটিও তার অভিজ্ঞতায় যোগ করেছে আলাদা আবেগ।
গ্যালারির দর্শকদের ভালোবাসাও তাকে দিয়েছে বাড়তি প্রেরণা। সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারহান বলেন, 'সমর্থকরা অসাধারণ! স্টেডিয়ামের আবহ-সবকিছুই অনেক সাহায্য করেছে। এসব আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায় মাঠে নেমে নিজের সেরাটা তুলে ধরতে। আর হ্যাঁ, এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।'
ফারহানের গোলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের অতীতের স্মৃতিও ফিরে এসেছে অনেকের মনে। সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের শুরুতে দেশের ক্লাব ফুটবলে যে উন্মাদনা ছিল, তার সাক্ষী যারা, তাদের কাছে সাব্বির, মোনেম মুন্না, কায়সার হামিদ কিংবা কাজী সালাউদ্দিনদের নাম এখনো আবেগের। বিশেষ করে 'বাংলার ম্যারাডোনা' সাব্বিরের বল পায়ে প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প নতুন প্রজন্মের কাছেও পরিচিত। ফারহানের গোল দেখে কারও কারও মনে সেই সাব্বিরের কথা ফিরে আসা তাই অস্বাভাবিক নয়। দুজনের খেলার ধরন কিংবা সময় এক নয়, তবু বল পায়ে ছোট ছোট জায়গা দিয়ে বেরিয়ে যাওয়ার দুঃসাহসের মধ্যে যেন কোথাও একটা মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা। আবার গোলটির ড্রিবলিং দেখে অনেকের মনে পড়েছে বার্সেলোনার মেসি কিংবা নেইমারের কথা।
বাংলাদেশের কোচ ডুলির কাছে অবশ্য এই জয় শুধু ফারহানের ব্যক্তিগত নৈপুণ্যের গল্প নয়। দলের সামগ্রিক পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের মূল্যায়ন জানিয়ে বলেন, 'ফল এবং দলের পারফরম্যান্স-দুটিতেই আমি খুশি। আমরা বলের দখল রাখতে চেয়েছি, দ্রুত পাস খেলতে চেয়েছি। আক্রমণে গিয়ে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে চেয়েছি।' পরিকল্পনার বাস্তবায়ন দেখেছেন আক্রমণভাগে। রাকিব হোসেনের গোলেও খুশি কোচ। পাশাপাশি দলের রক্ষণভাগের খেলাকে নিখুঁত বলে উল্লেখ করেছেন তিনি। বদলি হিসেবে নেমে হৃদয়ের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন ডুলি।
এই ম্যাচে হামজা চৌধুরীকে খেলানো হয়েছে ১০ নম্বর পজিশনে। প্রতিপক্ষের বাড়তি নজর ছিল তার ওপর। আর সেই সুযোগে অন্য সতীর্থরা পেয়েছেন নিজেদের মতো করে খেলার জায়গা। হামজার বহুমুখী দক্ষতা নিয়ে ডুলির মূল্যায়ন, 'হামজা ১০ নম্বরে খেলায় প্রতিপক্ষের খেলোয়াড়েরা ওর দিকে বেশি মনোযোগ দিয়েছে। এতে অন্যরা জায়গা পেয়েছে। সে পাস দিতে পারে, শট নিতে পারে, বক্সে ঢুকতে পারে, হেডও করতে পারে। আমাদের পরিকল্পনা কাজে লেগেছে।'
অধিনায়ক হিসেবেও হামজার ওপর আস্থা রয়েছে ডুলির। তাকে ১০-এর মধ্যে ১০ দেবেন কি না, এমন প্রশ্নে কোচের উত্তর ছিল, 'হামজার চেয়ে ভালো অধিনায়ক নেই। আশা করি, সে যখনই খেলবে, অধিনায়ক থাকবে।' তবে চার গোলের জয়েও দলের সীমাবদ্ধতার জায়গাটি আড়াল করেননি বাংলাদেশের কোচ। বিশেষ করে একজন লম্বা গড়নের কার্যকর স্ট্রাইকারের অভাব অনুভব করছেন তিনি। এ বিষয়ে ডুলির বক্তব্য, 'আমাদের যদি অন্য দলগুলোর মতো একজন লম্বা, ভালো ৯ নম্বরের স্ট্রাইকার থাকত, তাহলে অনেক কিছু সহজ হতো। তবে হামজাকে ১০ নম্বরে খেলিয়ে আমরা বক্সে আরও বিপজ্জনক হয়ে উঠতে পেরেছি।' শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ এখন সাফের সেমিফাইনালে। ১৪ নভেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান। ফারহানও জানেন, সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, 'তারা বেশ শক্তিশালী দল। আমাদের তাদেরকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত হবে না, তবে পাশাপাশি আমরাও একটি শক্তিশালী দল। তাই আশা করি এটা দারুণ একটা লড়াই হবে।'
